ঢাকা: জাতীয় তথ্যভাণ্ডার (এনআইডি) থেকে নাগরিকদের তথ্য এখতিয়ারের বাইরে সংগ্রহের অভিযোগে চার কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। সেই সঙ্গে এ ঘটনায় আরও ৩৪ জনকে কারণ দর্শানোর নোটিশ ও ১০ জনের বিরুদ্ধে তদন্ত চলমান রেখেছে সংস্থাটি।
বুধবার (২ সেপ্টেম্বর) ইসির কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।
ইসি’র সিনিয়র সচিব আখতার আহমেদের সই করা চিঠিতে চারজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন- পঞ্চগড় সদর উপজেলা নির্বাচন কার্যালয়ের কর্মচারী কামনা রানি সরকার, কাঁঠালিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. এ ছাত্তার, রমনা থানা নির্বাচন কার্যালয়ের মো. আশিকুর রহমান এবং তালতলী উপজেলা নির্বাচন কার্যালয়ের কর্মচারী মো. জাকির হোসেন সোহেল।
তাদের বিরুদ্ধে নিজেদের অ্যাকাউন্ট ব্যবহার করে একটি ওয়েব প্ল্যাটফর্মের মাধ্যমে এনআইডির তথ্য সংগ্রহের অভিযোগ প্রমাণিত হয়েছে, যা ডার্ক ওয়েবসহ অনলাইনে ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি করেছিল। এ ছাড়া সিএমএস অ্যাকাউন্টে অস্বাভাবিকভাবে এনআইডির তথ্য সার্চ করার কারণে আরও ৩৪ জনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং ১০ জন কর্মকর্তার বিষয়ে তদন্তে কমিটি গঠন করেছে ইসি।