Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সারেগামাপা’র বিচারক মিকা সিং! ক্ষোভ আর নিন্দায় বাংলার সংগীতমহল


১৬ সেপ্টেম্বর ২০২০ ২২:৫০ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২০ ২২:৫১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জি-বাংলা’র জনপ্রিয় একটি রিয়েলিটি শো ‘সারেগামাপা’। দুই বাংলাতেই সমান জনপ্রিয় এই অনুষ্ঠানটি এবার একেবারে নতুন রূপেই শুরু হচ্ছে। এবার শোয়ের সঞ্চালক হিসেবে থাকছেন না যিশু সেনগুপ্ত, তার পরিবর্তে নতুন সঞ্চালক হিসেবে মঞ্চে অবতরণ করতে চলেছেন অভিনেতা আবির চট্টোপাধ্যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন এই সঞ্চালককে ইতিমধ্যেই স্বাগত জানিয়েছেন সারেগামাপা’র দর্শকদের একাংশ। তবে দেখা দিল নতুন এক বিতর্কের। বিষয়- শোয়ের বিচারক। এবার বিচারকের আসনে দেখা যাবে হিন্দি গানের জনপ্রিয় শিল্পী মিকা সিংকে। আর এ নিয়েই প্রশ্ন তুলেছেন অনেকেই।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, সারেগামাপা’র বিচারক হিসেবে মিকা সিংকে একেবারেই পছন্দ নয় বাংলা সংগীতমহলের। সংগীতকার ইন্দ্রদীপ দাশগুপ্ত, নচিকেতা চক্রবর্তী থেকে আরতি মুখোপাধ্যায়ের মতো বিশিষ্ট শিল্পীরা ইতিমধ্যেই সংবাদমাধ্যমের কাছে এই বিষয়ে মুখ খুলেছেন। তাদের প্রশ্ন- ‘নতুন প্রজন্ম কী শিখবে মিকার কাছ থেকে?’

বিজ্ঞাপন

সঙ্গীতশিল্পী আরতি মুখোপাধ্যায়

যদিও এর আগেও মুম্বাইয়ের একাধিক শিল্পী জি-বাংলা’র ‘সারেগামাপা’-এর বিচারকের আসনে বসেছেন। কিন্তু মিকা সিং নিয়েই উঠছে প্রশ্ন। বিচারক পদের জন্য বাংলায় কি সংগীত শিল্পী কম পড়েছিল? অনেকেই ইতিমধ্যেই সেই প্রশ্ন তুলেছেন।

সংবাদমাধ্যমে সংগীতকার ইন্দ্রদীপ দাশগুপ্ত বললেন, ‘বাংলা গানের জগতের মানুষ হিসেবে চূড়ান্ত অপমানিত বোধ করছি! ভাবতেই পারছিনা- রবীন্দ্রনাথ, লালনের হাত ধরে যে বাংলা গানের যে ঐতিহ্য, এবার সেখানে কিনা বিচারক হয়ে আসছেন মিকা!’ কড়া প্রতিবাদ জানিয়ে বললেন, ‘মুম্বাই কিংবা দক্ষিণী ইন্ডাস্ট্রির সংগীত রিয়ালিটি শোয়ে কিন্তু বাইরের রাজ্য থেকে শিল্পীরা যান না বিচারক হিসেবে, তাহলে বাংলায় কেন এর অন্যথা হবে?’ প্রশ্ন করলেন, ‘বাংলার শিল্পীরা কি তাহলে সত্যিই কোনও প্রতিবাদ না করে সব কিছু মুখ বুজে মেনে নেন?’

চ্যানেলের টিআরপি বাড়ানোর জন্যই কি মিকা সিংকে বাংলা গানের রিয়ালিটি শোয়ের বিচারক করে আনা হচ্ছে? সেই সম্ভাবনার কথাই বললেন সঙ্গীতশিল্পী আরতি মুখোপাধ্যায় কিংবা নচিকেতার মতো শিল্পীরা।

সঙ্গীতশিল্পী নচিকেতা

প্রবীণ সংগীতশিল্পী আরতি মুখোপাধ্যায় ক্ষোভ জানিয়ে বললেন, ‘শুধু এখন নয়, বাংলার লোকের বরাবরের অভ্যেস মুম্বাই থেকে কেউ এল তাকে নিয়ে মাতামাতি করা!’

টিআরপি নিয়ে প্রশ্ন তুলেছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী নচিকেতা। তার কথায়, ‘আমাদের দেশে অনেক মানুষের মধ্যেই মনুষ্যত্ব নেই, তাদের টিআরপি যদি বেশি হতে পারে, তাহলে মিকা সিংকেই বা কেন টিআরপির কথা মাথায় রেখে বিচারকের আসনে বসানো হবে না! লোকে তো আজকাল জাকজমকই খোঁজে। সারেগামাপা’র বিচারকের আসনেও তারা মিকাকে সেভাবেই দেখবেন সেজেগুঁজে।’

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো