Friday 04 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘গণমাধ্যমকে ফ্যাসিবাদের দোসরদের হাত থেকে বের করে আনতে হবে’

সিনিয়র করেসপন্ডেন্ট
১১ মে ২০২৫ ২৩:২০ | আপডেট: ১২ মে ২০২৫ ০৯:৫০

প্রেসেঞ্জা ও ডিআরইউ আয়োজিত ‘রিপোর্টিং অন নন-ভায়োলেন্স এ্যাপ্রোচ’ শীর্ষক কর্মশালা। ছবি: সংগৃহীত

ঢাকা: প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেছেন, সামনের দিনে যাতে শিকারি সাংবাদিকতার ফাঁদে না জড়িয়ে যাই সেই চেষ্টা করতে হবে। এজন্য সাংবাদিক সংগঠনগুলো বেশি ভূমিকা রাখতে পারে। নিজের ঘর নিজেকে পরিষ্কার করতে হবে। সাংবাদিকরা গণমাধ্যমকে যদি ফ্যাসিবাদের দোসরদের হাত থেকে বের করে না নিয়ে আসে তাহলে তো সরকার করতে পারবে না।

রোববার (১১মে) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে আন্তর্জাতিক কর্মশালায় অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফারুক ওয়াসিফ বলেন, ‘সরকার আইন করে, পুলিশ দিয়ে গণমাধ্যম থেকে সাংবাদিকদের তুলে নিয়ে যাবে সেটা তো হতে পারে না। কারও বিরুদ্ধে ফৌজদারি অপরাধ থাকলে, সুনির্দিষ্ট অভিযোগ করলে ব্যবস্থা নিতে পারে। কিন্তু কেউ রাজনৈতিকভাবে ফ্যাসিবাদের সমর্থক ছিল সেই কারণে কাউকে গ্রেফতার, চাকরিচ্যুতি চাই না।’

বিজ্ঞাপন

জুলাই-আগস্টের অভ্যুত্থানের সময়ের কথা তুলে ধরে তিনি বলেন, ‘নানা ধরণের চাপের মধ্যেও সাংবাদিকদের মধ্যে অনেকে দেশের মানুষের কাছে সত্যটা সাহসের সঙ্গে তুলে ধরেছেন, মানুষকে জানাতে পেরেছেন। সবাই না হলেও আমরা অনেকেই ছিলাম। আর আমরা ছিলাম বলেই আলোটা জ্বলেছিল। একটা ফ্যাসিবাদ তাড়ানোর সুযোগ সৃষ্টি হয়েছিল। এটা আশার জায়গা। এগুলো আমাদের মানুষের সামনে তুলে ধরতে হবে।’

অনুষ্ঠানে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা বলেন, ‘সাংবাদিকদের কাজ করার ক্ষেত্রে সবদিক, সব পরিস্থিতির বিষয় মাথায় রাখতে হবে। সেক্ষেত্রে নন-ভায়োলেন্স অ্যাপ্রোচ নিয়ে কর্মশালা হয়েছে। এটা রিপোর্টারদের জন্য কাজ করতে সহায়ক হবে বলে আমার বিশ্বাস।’

সংবাদ সংস্থা প্রেসেঞ্জাকে এমন সুযোগ করে দেয়ার জন্য ধন্যবাদ জানিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন বলেন, ‘ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্যদের পেশাগত দক্ষতা বাড়াতে ভবিষ্যতে আরও দেশি-বিদেশি গণমাধ্যম ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ উদ্যোগে আমরা কাজ করব। যাতে সদস্যরা সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে নতুন নতুন বিষয়ে নিজেদের দক্ষ হিসেবে গড়ে তুলতে পারেন।’

অনুষ্ঠানে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, ‘প্রেসেঞ্জা-ডিআরইউ আগামী দিনে আরও নতুন নতুন বিষয় নিয়ে কাজ করবে। পাশাপাশি পিআইবির মতো প্রতিষ্ঠানের সঙ্গেও অনুসন্ধানী সাংবাদিকতাসহ গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে কাজ করা হবে। যাতে সদস্যদের নিজ নিজ অঙ্গনে পেশাগত কাজ করা আরও সহজ হয়।’

ডিআরইউ’র তথ্য-প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক বোরহান উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেসেঞ্জা, ঢাকা ব্যুরো’র প্যানেল এডিটর শামসুল হক বসুনিয়া ও শেখ আরীফ। এছাড়াও, উপস্থিত ছিলেন ডিআরইউ’র সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই তুহিন, নারীবিষয়ক সম্পাদক রোজিনা রোজী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজান চৌধুরী, কার্যনির্বাহী সদস্য আমিনুল হক ভুঁইয়া, সুমন চৌধুরী প্রমুখ।

গত ১৮ এপ্রিল আন্তর্জাতিক প্রেস এজেন্সি- প্রেসেঞ্জা এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র যৌথ উদ্যোগে আয়োজিত ‘রিপোর্টিং অন নন-ভায়োলেন্স এ্যাপ্রোচ’ শীর্ষক কর্মশালায় অংশ নেওয়া শতাধিক সাংবাদিকের মধ্যে অনুষ্ঠানে সার্টিফিকেট তুলে দেওয়া হয়। কর্মশালাটি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, আর্জেন্টিনা, চিলি এবং ইতালি থেকে একযোগে ওয়েবিনার-এ পরিচালিত হয়।

সারাবাংলা/ইএইচটি/পিটিএম
বিজ্ঞাপন

আরো