Friday 04 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২৬

আন্তর্জাতিক ডেস্ক
১২ মে ২০২৫ ০৮:৪৬ | আপডেট: ১২ মে ২০২৫ ১১:১৬

গাজার ধ্বংসস্তূপ। ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৮ শিশুও রয়েছে।

রোববার (১১ মে) এর এই ড্রোন হামলা ও বিমান হামলার লক্ষ্যবস্তু ছিল মূলত বেসামরিক ও আশ্রয়প্রার্থী নাগরিকরা।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য গাজার দেইর আল-বালাহ শহরে একদল সাধারণ মানুষের ওপর ড্রোন হামলা চালানো হয়। এতে দুজন নিহত এবং অনেকেই আহত হন।

গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের আশ্রয়কেন্দ্রে চালানো হামলায় একজন ফিলিস্তিনি এবং তার ছেলে নিহত হন। একই শহরের পশ্চিমাংশে আরেকটি আশ্রয়কেন্দ্রে ড্রোন হামলায় দুই শিশুসহ চারজন নিহত হন। আহত হন আরও অনেকে।

খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায়, আসদা শহরের কাছে দুটি আশ্রয়কেন্দ্রে পৃথক হামলায় চারজন নিহত হন, যাদের মধ্যে দুই শিশু ছিল। একই এলাকায় আরেকটি আশ্রয়কেন্দ্রে হামলায় আরও এক শিশু মারা যায়। পাশাপাশি, একটি সাইকেলের ওপর ড্রোন হামলায় এক তরুণ নিহত হন।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব খান ইউনিসের আবাসান আল-কাবিরা শহরে ইসরায়েলি বাহিনী তীব্র গোলাবর্ষণ ও গুলিবর্ষণ চালিয়েছে। এতে একটি শিশুর মৃত্যু হয় এবং উত্তরের জাবালিয়ায় আরেকজন মারাত্মক আহত হন।

এদিকে, খান ইউনিসে একটি গাড়িকে লক্ষ্য করে চালানো বিমান হামলায় ৪ জন নিহত হয়েছেন। গাজা শহরে আরেক হামলায় ৫ জন নিহত হন, যাদের মধ্যে একটি শিশুও রয়েছে।

এছাড়া গাজা শহরের আল-তুফাহ এলাকায় ইসরায়েলি সেনারা চলমান বিমান হামলা ও গোলাবর্ষণের মধ্যে একাধিক আবাসিক ভবন ধ্বংস করছে। একইসঙ্গে জাবালিয়ার ওল্ড গাজা স্ট্রিটের একটি মসজিদেও বিমান হামলা চালানো হয়, এতে দুইজন আহত হয়েছেন।

২০২৩ সালের অক্টোবর থেকে চলমান ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত গাজায় নিহত হয়েছেন ৫২ হাজার ৮০০ জনেরও বেশি ফিলিস্তিনি। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো