Friday 04 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খুলনায় খাল ইজারা নিয়ে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ মে ২০২৫ ০০:১৬ | আপডেট: ১৩ মে ২০২৫ ০৯:৩১

বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ

খুলনা: খুলনার দাকোপ উপজেলার ডাকাতিয়া খালের ইজারাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন।

সোমবার (১২ এপ্রিল) বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে উপজেলার চালনা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, দুপুর ২ টার দিকে দাকোপ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারিভাবে ডাকাতিয়ার বিলের ইজারা ডাক দেওয়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের নিচ তলায় চালনা পৌর বিএনপির আহ্বায়ক মোজাফফর হোসেন এবং খুলনা জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য শাকিল আহমেদ দিলু একে অপরের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।

বিজ্ঞাপন

বিকেলে পুনরায় ওই দুইগ্রুপ আবারও সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে দাকোপ থানা পুলিশের এএসআই আজাহার উদ্দিনসহ ৫ জন আহত হন। সংঘর্ষ চলাকালে এএসআই আজাহার উদ্দিনের মাথায় ইটের আঘাত লাগে এতে তার মাথার হাড় ভেঙ্গে যায়। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হলে পরবর্তীতে তাকে খুলনার গাজি মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আহত অপর চারজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ব্যাপারে অতি‌রিক্ত পু‌লিশ সুপার (দাকোপ-ব‌টিয়াঘাটা) সার্কেল ম‌ফিজুর রহমান বলেন, ‘প্রশাসন এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনার পর চালনা পৌরসভার ডাকবাংলা মোড় ও আশপাশের এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ওই এলাকায় অতিরিক্ত পু‌লিশ মোতা‌য়েন করা হ‌য়ে‌ছে।’

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো