Saturday 05 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‎সাড়ে ৮ ঘণ্টা পর চালু হলো এনআইডি সেবা কার্যক্রম ‎

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ মে ২০২৫ ১৯:৪০ | আপডেট: ১৩ মে ২০২৫ ২২:১০

জাতীয় পরিচয়পত্র। ছবি কোলাজ: সারাবাংলা

‎ঢাকা: ‎প্রায় সাড়ে ৮ ঘণ্টা পর চালু হলো জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা কার্যক্রম। সার্ভারে লগইনে ওয়ান টাইম পাসওয়ার্ড না আসার কারণে সারাদেশে জাতীয় পরিচয়পত্রবিষয়ক (এনআইডি) সেবা বন্ধ ছিল।

‎মঙ্গলবার (১৩ মে) বিকেলে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বুধবার (১৪ মে) সকাল থেকেই নির্বিঘ্নে সেবা পাবেন নাগরিকরা। আমরা যে প্রতিষ্ঠান থেকে ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) নিয়ে থাকি তারা তাদের সিস্টেমের সমস্যা সমাধান করেছে। সকাল থেকে যে ওটিপিগুলো আমরা পাঠিয়েছি সেগুলো এখন ক্লিয়ার করা হচ্ছে। ওগুলো ক্লিয়ার হওয়ার পরই আবার নতুনগুলো চলে আসবে।’

বিজ্ঞাপন

‎এর আগে, এনআইডি সার্ভারে লগইন করার জন্য ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়ার পর একটি ওয়ান টাইম পাসওয়ার্ডের (ওটিপি) প্রয়োজন হয়; সেটি সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত বন্ধ ছিল। এখন তা সচল হয়েছে। ফলে প্রায় সাড়ে ৮ ঘণ্টা নাগরিকরা সেবা পাননি।

‎সকালে এনআইডি ডিজি এ এস এম হুমায়ুন কবীর বলেছিলেন, ‘আমাদের সার্ভারে লগইন করার জন্য ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়ার পর একটি ওটিপি প্রয়োজন হয়। সে ওটিপি না আসার কারণে আমার কর্মকর্তারা সার্ভারে ঢুকতে পারছেন না। এজন্য আপাতত অনলাইন কার্যক্রম বন্ধ আছে। তবে ছবি তোলা বায়োমেট্রিক গ্রহণের কার্যক্রম চলমান আছে; ওটিপি সমস্যার সমাধান হলেই সকল কার্যক্রম আবার শুরু হবে।’

‎তিনি আরও বলেন, ‘আমাদের সার্ভার বন্ধ নয়। আমরা এনআইডি কার্যক্রম পরিচালনা করার একটি ওটিপি সার্ভিস কিনেছি। এই সার্ভিস যাদের কাছ থেকে নিয়েছি তাদের সিস্টেমে একটা সমস্যা হয়েছে এবং তারা সেটা মেরামত করছে। মেরামত হয়ে গেলে চালু হয়ে যাবে।’

‎সারাবাংলা/এনএল/এইচআই
বিজ্ঞাপন

আরো