Sunday 05 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রেল কর্মকর্তার বাড়ির চাল-দরজা-জানালা খুলে নেওয়ার অভিযোগ


১০ ফেব্রুয়ারি ২০১৯ ০১:০৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে রেলওয়ের এক কর্মকর্তার ফাঁকা বাড়ির দরজা-জানালা এবং টিনের চাল খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা- এমন অভিযোগ উঠেছে। এছাড়া বাড়ির ভেতরে রাখা আসবাবপত্রও নিয়ে গেছে তারা।

শনিবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে নগরীর আকবর শাহ থানা এলাকায় আকবর শাহ লেনে রেলওয়ে হাউজিং সোসাইটিতে এই ঘটনা ঘটেছে।

বাড়িটি রেলওয়ে পূর্বাঞ্চলের কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মৌলানা মো. আবুল কাশেমের মালিকানাধীন।

তার ছেলে যুক্তরাষ্ট্র প্রবাসী মোহাম্মদ জুনায়েদ সারাবাংলাকে বলেন, রেলওয়ের বরাদ্দ দেওয়া জমিতে আমার বাবা আধাপাকা বাড়িটি বানিয়েছিলেন। তবে আমরা কেউ সেখানে বাস করি না। সম্প্রতি আমার বাবা আবাসন প্রতিষ্ঠানের মাধ্যমে সেটি ভেঙে বহুতল ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছেন। কয়েকটি প্রতিষ্ঠানের লোকজন এসে সেটি দেখেও গেছেন।

বিজ্ঞাপন

এর মধ্যে আজ (শনিবার) বিকেলে আমরা খবর পাই, বিকেল ৪টার দিকে ট্রাক নিয়ে ৩-৪ জন যুবক এসে আমাদের বাড়িতে ঢোকে। এরপর আসে দিনমজুর ধরনের আরও কয়েকজন। কেউ না থাকার সুযোগে তারা বাড়ির টিনের চাল, দরজা-জানালা খুলে ট্রাকে তুলে নিয়ে যায়। বাড়িতে আগে থেকে মজুদ রাখা কিছু নির্মাণ সামগ্রীও তারা নিয়ে গেছে, বলেন জুনায়েদ।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরও বলেন, রাজনৈতিক পরিচয় দেওয়া স্থানীয় দুর্বৃত্তরা এই ঘটনায় জড়িত।

এই প্রসঙ্গে আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন সারাবাংলাকে বলেন, রেলওয়ের একজন কর্মকর্তার বাড়িতে ঢুকে কে বা কারা টিনের চাল খুলে নিয়ে গেছে বলে অভিযোগ পেয়েছি। আমরা অভিযোগ খতিয়ে দেখছি।

সারাবাংলা/আরডি/এটি