চট্টগ্রাম: চট্টগ্রামের আনোয়ারায় ১৪ ঘণ্টার ব্যবধানে এক গৃহবধূ ও এক জেলের মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যা থেকে শনিবার (৪ জুলাই) সকালের মধ্যে উপজেলার পৃথক দু’টি স্থান থেকে মরদেহ দু’টি উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন- আনোয়ারা বটতলী ইউনিয়নের সায়েদ ইমরানের স্ত্রী উম্মে হাবিবা (২২) এবং একই উপজেলার বিলপুর এলাকার বাসিন্দা ও পেশায় জেলে জিকু সর্দ্দার (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পারিবারিক কলহের জের ধরে উম্মে হাবিবা ইঁদুর মারার বিষ পান করেন বলে অভিযোগ পাওয়া যায়। পরিবারের লোকজন তাকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত হাবিবা এক সন্তানের জননী ছিলেন।
এর রেশ কাটতে না কাটতেই শনিবার (৪ জুলাই) সকালে আনোয়ারা সদর এলাকার ঘনপুকুরপাড় থেকে জিকু সর্দ্দারের মরদেহ উদ্ধার করা হয়। ওই এলাকায় ভাড়া বাসায় সপরিবারে থাকতেন জিকু।
নিহতের পরিবারের দাবি, জিকুর সঙ্গে তার এক আত্মীয়ের (স্ত্রীর বোনের স্বামী) আর্থিক লেনদেন নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। নিহতের স্ত্রী জানান, জিকু গত কয়েকদিন ধরে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং হতাশাগ্রস্ত ছিলেন।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘৯৯৯ থেকে কল পেয়ে পুলিশ উভয় ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। উম্মে হাবিবাকে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং জিকু সর্দ্দারের মৃত্যুর ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
এ সব মৃত্যুর ঘটনায় থানায় পৃথক আইনি প্রক্রিয়া চলমান বলে জানিয়েছে পুলিশ।