খুলনা: জেলার ডুমুরিয়ায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক শামছুজ্জামান (৪০) নিহত হয়েছেন। এসময় মনিরুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তি আহত হয়েছেন।
শনিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার খর্ণিয়া ব্রিজ সংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাসছুজ্জামান তালা উপজেলার সরুলিয়া গ্রামের মো. আজিবর সরদারের ছেলে।
স্থানীয়রা জানায়, শামছুজ্জামান ও মনিরুল ইসলাম মোটরসাইকেলে খুলনা থেকে সাতক্ষীরার উদ্দেশে যাচ্ছিল। তারা ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ড্রাম ট্রাক মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুই আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
খবর পেয়ে ডুমুরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক শামছুজ্জামানকে মৃত ঘোষণা করেন।
খর্ণিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।