Saturday 18 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জি কে শামীমসহ ৮ জনের বিরুদ্ধে যুক্তিতর্ক ৬ মার্চ

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:২৬

ঢাকা: যুবলীগ নেতা এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমসহ ৮ জনের বিরুদ্ধে যুক্তিতর্কের তারিখ পিছিয়ে আগামী ৬ মার্চ ধার্য করেছেন আদালত। রাজধানীর গুলশান থানার মানি লন্ডারিং আইনের মামলায় এই শুনানি হওয়ার কথা ছিলো।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালতে মামলাটির যুক্তিতর্ক শুনানির জন্য দিন ধার্য ছিলো। কিন্তু এদিন সংশ্লিষ্ট রাষ্ট্রপক্ষের আইনজীবী মাহবুবুল হাসান অসুস্থ থাকায় শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে নতুন করে এই তারিখ ধার্য করেন।

মামলার অপর আসামিরা হলেন- মো. দেলোয়ার হোসেন, মো. মোরাদ হোসেন, মো. জাহিদুল ইসলাম, মো. শহীদুল ইসলাম, মো. কামাল হোসেন, মো. সামসাদ হোসেন ও মো. আনিছুল ইসলাম।

বিজ্ঞাপন

গত বছরের ২১ ডিসেম্বর মামলাটির সাক্ষ্য গ্রহণ শেষ হয়। মামলাটিতে চার্জশিটভুক্ত ২৬ জন সাক্ষীর মধ্যে ২৩ জনের সাক্ষ্য নেন আদালত।

মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু সাঈদ তদন্ত শেষে ২০২০ সালের ৪ আগস্ট আদালতে জি কে শামীম ও তার সাত দেহরক্ষীর বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। ওই বছরের ১০ নভেম্বর আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন।

২০১৯ সালের ২০ সেপ্টেম্বর দুপুরে নিকেতনের নিজ বাসা থেকে শামীমকে আটক করা হয়। এরপর অস্ত্র ও মাদক আইনে দায়ের করা দুই মামলায় যুবলীগ নেতা গোলাম কিবরিয়া শামীমকে (জি কে শামীম) ১০ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। শামীমের কাছ থেকে প্রায় ২০০ কোটি টাকার এফডিআর চেকসহ বিপুল পরিমাণ দেশি-বিদেশি টাকা জব্দ করা হয়েছে। শামীমের কাছে একটি অস্ত্রও পাওয়া গেছে।

সারাবাংলা/এআই/এমও
বিজ্ঞাপন

আরো