Saturday 18 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হরমুজ প্রণালির বিকল্প রুটে তেল পরিবহনে ইরাক-সিরিয়ার চুক্তি

আন্তর্জাতিক ডেস্ক
১৮ জুলাই ২০২৬ ১৪:৫২

হরমুজ প্রণালির ওপর নির্ভরতা কমাতে পুরোনো তেল পাইপলাইন পুনর্নির্মাণে চুক্তি করেছে ইরাক ও সিরিয়া। সংবাদসংস্থা রয়টার্সের বরাতে এ তথ্য জানা গেছে।

শুক্রবার (১৭ জুলাই) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আয়োজিত ইরাকে মার্কিন বিনিয়োগবিষয়ক চেম্বার অব কমার্স সম্মেলনে দুই দেশের মধ্যে এ চুক্তি সই হয়।

চুক্তিতে ইরাকের বাসরা অয়েল কোম্পানির প্রধান নির্বাহী বাসেম আবদুল করিম নাসর এবং সিরিয়ান পেট্রোলিয়াম কোম্পানির প্রধান নির্বাহী ইউসুফ কাবলাওয়ি সই করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের জ্বালানি সচিব ক্রিস রাইট।

কিরকুক থেকে সিরিয়ার ভূমধ্যসাগরীয় উপকূল পর্যন্ত বিস্তৃত এ পাইপলাইনের দৈনিক পরিবহন সক্ষমতা প্রায় সাত লাখ ব্যারেল। ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের ইরাক অভিযানের সময় ক্ষতিগ্রস্ত হওয়ার পর থেকে পাইপলাইনটি বন্ধ রয়েছে।

বিজ্ঞাপন

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা এবং জাহাজ চলাচলে বিঘ্নের কারণে ইরাকের তেল রফতানি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ওপেকের তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারিতে যেখানে ইরাকের দৈনিক তেল উৎপাদন ছিল প্রায় ৪২ লাখ ব্যারেল, জুনে তা কমে দাঁড়িয়েছে প্রায় ১৯ লাখ ব্যারেলে।

এদিকে উপসাগরীয় অঞ্চলের আরও কয়েকটি দেশও হরমুজ প্রণালির ওপর নির্ভরতা কমাতে বিকল্প পাইপলাইন অবকাঠামো সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। তবে বিশ্লেষকদের মতে, পাইপলাইন বিকল্প রফতানি পথ তৈরি করলেও অঞ্চলের জ্বালানি অবকাঠামোর ওপর সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি পুরোপুরি দূর করতে পারবে না।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর