Monday 20 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সোনার বার চোরাচালানের মামলায় ১০ বছর কারাদণ্ড

স্পেশাল করেসপন্ডেন্ট
১ জুন ২০২৩ ১৮:২৬

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৮২ স্বর্ণের বার উদ্ধারের মামলায় দুবাইফেরত এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১ জুন) চট্টগ্রামের স্পেশাল ট্রাইবুন্যাল-৮ এর বিচারক শরীফুল আলম ভূঁইঞা এ রায় দেন। আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বিষয়টি জানিয়েছেন।

দণ্ডিত মোহাম্মদ হোসাইনের বাড়ি চট্টগ্রামের আনোয়ার উপজেলায়। তিনি বর্তমানে পলাতক।

মামলার নথি পর্যালোচনায় জানা গেছে, ২০১৪ সালের ৩০ অক্টোবর সকালে দুবাই থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন মোহাম্মদ হোসাইন। ইমিগ্রেশন সম্পন্নের পর ব্যাগেজ নিয়ে কাস্টমসের গ্রীণ চ্যানেল অতিক্রম করার সময় তল্লাশিতে তার শরীরে দু’টি কাপড়ের বেল্টে বাঁধা অবস্থায় ৮২টি স্বর্ণের বার পাওয়া যায়। ঘোষণা ছাড়াই আনা এসব বারের ওজন ৯ কেজি ৫৬৪ গ্রাম।

বিজ্ঞাপন

এ ঘটনায় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সহকারী রাজস্ব কর্মকর্তা বিধান কুমার সরকার বাদী হয়ে নগরীর পতেঙ্গা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন। ২০১৫ সালের ২০ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। একই বছরের ২৯ সেপ্টেম্বর আদালতে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। আটজনের সাক্ষ্য নিয়ে বৃহস্পতিবার এ রায় দিয়েছেন আদালত।

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ সারাবাংলাকে জানান, আসামি মোহাম্মদ হোসাইনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামি জামিনে গিয়ে বর্তমানে পলাতক।

সারাবাংলা/আরডি/এমও
বিজ্ঞাপন

আরো