Wednesday 22 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিশ্বকাপ ২০২৬ / নেইমারকে বিশ্বকাপ উৎসর্গ করলেন স্পেনের বিশ্বকাপজয়ী

স্পোর্টস করেসপন্ডেন্ট
২০ জুলাই ২০২৬ ২০:৪৯

স্পেনের বিশ্বকাপ জয়ের আনন্দের মধ্যেও নিজের শৈশবের অনুপ্রেরণাকে ভুললেন না নিকো উইলিয়ামস। আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর ব্রাজিলিয়ান তারকা নেইমারের প্রতি শ্রদ্ধা জানিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন স্পেনের এই উইঙ্গার। নেইমারকে বিশ্বকাপ ট্রফি উৎসর্গ করেছেন নিকো।

গতকাল নিউ জার্সিতে অনুষ্ঠিত ফাইনালে ফেররান তোরেসের একমাত্র গোলে ১-০ ব্যবধানে আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাসে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতে স্পেন। ম্যাচের একমাত্র গোলটি আসে নিকো উইলিয়ামসের দারুণ অ্যাসিস্ট থেকে। পুরো ম্যাচজুড়েই আক্রমণভাগে সক্রিয় ছিলেন নিকো।

ম্যাচ শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে উচ্ছ্বাস প্রকাশের পাশাপাশি নিজের ‘আইডল’ নেইমারের কথাও স্মরণ করেন নিকো।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আজ আমি খুবই আনন্দিত। সত্যিই অনেক আনন্দিত। আমার কাছে এর চেয়ে সুন্দর কিছু হতে পারে না। নেইমার আমার আদর্শ। আশা করি তিনি আমাদের খেলা দেখেছেন। এই শিরোপাটা তার জন্য।’

ফাইনালে নিকো নিজেও একবার বল জালে জড়িয়েছিলেন। তবে অফসাইডের কারণে সেই গোলটি বাতিল হয়ে যায়। যদিও বিষয়টি নিয়ে তার কোনো আক্ষেপ নেই। দলের জয়কেই সবচেয়ে বড় অর্জন হিসেবে দেখছেন এই স্প্যানিশ ফুটবলার। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘কোনো সমস্যাই নেই। আমরা ম্যাচ তো জিতে গেছি।’

বিশ্বকাপ জয়ের উৎসবের দিনে নিকোর এমন মন্তব্য নতুন করে আলোচনায় এনেছে নেইমারকে। ব্রাজিলিয়ান সুপারস্টার এবার চোটের কারণে পুরো টুর্নামেন্টে নিয়মিত খেলতে পারেননি।

নেইমার গ্রুপ পর্বের শেষ ম্যাচ এবং শেষ ষোলোতে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন। পেনাল্টি থেকে একটি গোলও করেন। কিন্তু তার সেই প্রচেষ্টা ব্রাজিলকে কোয়ার্টার ফাইনালে তুলতে পারেনি। নরওয়ের কাছে হেরে কোয়ার্টার ফাইনালে ওঠার আগেই বিদায় নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

নিজের বিশ্বকাপ স্বপ্ন অপূর্ণ থাকলেও ফুটবল বিশ্বের নতুন প্রজন্মের কাছে যে তিনি এখনও অনুপ্রেরণার নাম, নিকো উইলিয়ামসের বার্তা যেন সেই বাস্তবতাকেই আবারও সামনে এনে দিল।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর