Wednesday 22 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রথম ভাষণে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী / জীবনযাত্রার ব্যয়ের চাপ কমাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি

আন্তর্জাতিক ডেস্ক
২০ জুলাই ২০২৬ ২১:১৩ | আপডেট: ২০ জুলাই ২০২৬ ২২:৩০

যুক্তরাজ্যের নবনিযুক্ত প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম। ছবি: বিবিসি

যুক্তরাজ্যের নবনিযুক্ত প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম দায়িত্ব গ্রহণের পর প্রথম ভাষণে জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের চাপ মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, আগামীকাল মঙ্গলবার (২১ জুলাই) থেকেই জনগণকে কিছুটা ‘স্বস্তির সুযোগ’ দিতে সরকারের পরিকল্পনা পর্যায়ক্রমে ঘোষণা করা হবে।

সোমবার (২০ জুলাই) বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

১০ নম্বর ডাউনিং স্ট্রিটের সামনে দেওয়া ভাষণে বার্নহ্যাম বলেন, ‘শিক্ষা ব্যবস্থায় সংস্কার এনে আরও বেশি তরুণ-তরুণীকে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে। পাশাপাশি তাদের জন্য মানসিক স্বাস্থ্যসেবাসহ প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হবে।’

বিজ্ঞাপন
১০ নম্বর ডাউনিং স্ট্রিটে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামের সঙ্গে তার স্ত্রী মারি-ফ্রান্স ভ্যান হিল। ছবি: বিবিসি

১০ নম্বর ডাউনিং স্ট্রিটে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামের সঙ্গে তার স্ত্রী মারি-ফ্রান্স ভ্যান হিল। ছবি: বিবিসি

তিনি বলেন, ‘কল্যাণ ব্যয়ের চাপ কমাতে ন্যায্য ও টেকসই উপায়ে আরও বেশি কাউন্সিল হাউজ বা সরকারি আবাসন নির্মাণ করা হবে, যাতে সাধারণ মানুষের আবাসন সংকট কমে।’

দেশের সামাজিক নিরাপত্তার বিষয়েও অঙ্গীকার ব্যক্ত করে নতুন প্রধানমন্ত্রী বলেন, ‘আমার প্রথম নির্দেশ হবে যুক্তরাজ্যে খোলা আকাশের নিচে বসবাস (রাফ স্লিপিং) সম্পূর্ণভাবে বন্ধ করা।’

ক্ষমতার বিকেন্দ্রীকরণের প্রতিশ্রুতি দিয়ে বার্নহ্যাম বলেন, ‘সরকারের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কেবল ওয়েস্টমিনস্টারে সীমাবদ্ধ থাকবে না, বরং দেশের প্রতিটি অঞ্চলে তা ছড়িয়ে দেওয়া হবে, যাতে স্থানীয় কর্তৃপক্ষ নিজেদের প্রয়োজন অনুযায়ী আরও কার্যকর ভূমিকা রাখতে পারে।’

অর্থনীতি নিয়ে নিজের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, ‘একটি নতুন অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা হবে, যেখানে জনগণের জন্য প্রয়োজনীয় মৌলিক সেবাগুলো আবারও জননিয়ন্ত্রণে আনা হবে, যাতে সেগুলো সবার নাগালের মধ্যে থাকে। একই সঙ্গে যুক্তরাজ্যে পুনরায় শিল্পায়ন এবং দেশীয় শিল্পকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে।’

বার্নহ্যাম জানান, চলতি বছরের শেষ দিকে যুক্তরাজ্যের জন্য একটি ১০ বছরের জাতীয় পরিকল্পনা প্রকাশ করা হবে। এতে দেশের দীর্ঘমেয়াদি উন্নয়ন, অর্থনীতি, কর্মসংস্থান এবং জনকল্যাণ বিষয়ে সরকারের রূপরেখা তুলে ধরা হবে।

ভাষণের শেষদিকে তিনি আবারও আশ্বস্ত করে বলেন, ‘জীবনযাত্রার ব্যয়ের চাপ কমাতে সরকারের পরিকল্পনা আগামীকাল থেকেই পর্যায়ক্রমে প্রকাশ করা হবে। একই সঙ্গে এসব কর্মসূচির অর্থায়নের উৎস ও বাস্তবায়ন কৌশলও জনগণের সামনে তুলে ধরা হবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর