Thursday 23 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢামেক শিক্ষার্থীর আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ আগস্ট ২০২৩ ১৩:৩১ | আপডেট: ১৬ আগস্ট ২০২৩ ১৩:৩৫

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) হোস্টেলে জয়া কুন্ড (২৪) নামে এক মেডিকেল শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (১৬ আগস্ট) সকাল পৌনে ১১টার দিকে ওই শিক্ষার্থীকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানা গেছে, কলেজের ডা. আলিম চৌধুরী হলের তৃতীয় তলায় ৪৫ নম্বর রুমে জয়া গলায় ফাঁস দেন।

মৃত শিক্ষার্থীর রুমমেট পৃথুলা রায় জানান, ঢাকা মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী ছিলেন জয়া। কলেজের ডা. আলিম চৌধুরী হলের তৃতীয় তলায় ৪৫ নং রুমে জয়া কুন্ডু ও লাবনী রায়সহ তারা তিনজন থাকেন।

তিনি জানান, সকালে লাবনী বের হয়ে যান। এরপর ১০টার দিকে জয়াকে রুমে রেখে তিনিও বের হন। সাড়ে ১০টার দিকে জানতে পারেন জয়া রুমে গলায় ফাঁস দিয়েছেন। তাকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

পৃথুলা জানান, জয়া অনেকদিন ধরে ডিপ্রেসনে ভুগছিলেন। বিভিন্ন জায়গায় তার কাউন্সিলিং হচ্ছিল। মঙ্গলবারও তার নতুন চিকিৎসক দ্বারা কাউন্সিলিং হয়।

জয়ার মৃত্যুর সংবাদ পেয়ে সহপাঠি, শিক্ষার্থী ও কলেজে অধ্যক্ষসহ অন্যান্য শিক্ষকরা হাসপাতালের জরুরি বিভাগে ছুটে আসেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি শাহবাগ থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

মৃত জয়ার ভাই পার্থ কুন্ড জানান, তিনি বুয়েটে পড়েন। বোনের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে এসেছেন। তাদের বাড়ি খুলনা সদর কুয়েট রোড ফুলবাড়ি গেট এলাকায়। বাবার নাম গিরিন্দ্রনাথ কুন্ড।

সারাবাংলা/এসএসআর/ইআ