Sunday 26 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘৩০০ কোটি টাকা দেনা’ পরিশোধে নগরবাসীর সহযোগিতা চান মেয়র খোকন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ নভেম্বর ২০২৩ ১৭:২৭ | আপডেট: ১৪ নভেম্বর ২০২৩ ২০:০২

বরিশাল: বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) পঞ্চম মেয়র আবুল খায়ের আবদুল্লাহ (খোকন সেরনিয়াবাত) আনুষ্ঠানিকভাবে মেয়রের দায়িত্ব গ্রহণ করেছেন। নগর ভবনে আজ মঙ্গলবার দুপুর দেড়টায় বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুমা আক্তার নবনির্বাচিত মেয়রের কাছে দায়িত্বভার হস্তান্তর করেন।

এর আগে বেলা সাড়ে ১১টায় নগর ভবন চত্বরে মেয়র খোকন সেরনিয়াবাত ও নির্বাচিত কাউন্সিলরদের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশালের বিভাগীয় কমিশনার মো. শওকত আলী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত), পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি, বরিশাল-২ আসনের সংসদ সদস্য শাহে আলম, বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পঙ্কজ নাথ প্রমুখ। এছাড়া অভিষেক অনুষ্ঠানে বরিশালের রাজনৈতিক ব্যাক্তিবর্গ, বিভাগীয় প্রশাসন, পুলিশ প্রশাসন, সামাজিক সাংস্কৃতিক, শিক্ষক নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

অভিষেক অনুষ্ঠানে বরিশাল বাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত) বলেন, ‘নগর ভবনের প্রশাসনিক কাঠামো নেই বললেই চলে। সিটি করপোরেশনে আমি মাত্র ১২ কোটি টাকা পেয়েছি। আর বরিশালবাসী ৩০০ কোটি টাকা ঋণী। তবে আপনাদের সবার সহযোগিতা পেলে এ দায় কাটিয়ে ওঠা সম্ভব।’

বরিশালবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘নির্বাচনি ইশতেহারে আমি যে ৩৫টি কার্যক্রম বাস্তবায়নের ঘোষণা দিয়েছি, তা অচিরে বাস্তবায়ন করব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশালের উন্নয়নে যে বরাদ্দ দিয়েছেন তা সঠিকভাবে বরিশালের উন্নয়নে ব্যয় হবে। এ জন্য সবাইকে এক হয়ে কাজ করতে হবে। পাশাপাশি বরিশালকে একটি স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলতে হবে।’

প্রসঙ্গত, গত ১২ জুন বরিশাল সিটি করপোরেশনে ভোট হয়। এতে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ ৫৩ হাজার ৯৮০ ভোটের ব্যবধানে তার প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ ফয়জুল করিমকে পরাজিত করে মেয়র নির্বাচন হন।

সারাবাংলা/একে