Sunday 26 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাফের শিরোপা বাংলাদেশে ফেরাতে চান ডুলি

ক্রীড়া ডেস্ক
২৬ জুলাই ২০২৬ ০৮:১২

সেই ২০০৩ সালে প্রথম ও সবশেষ বাংলাদেশ সাফের চ্যাম্পিয়ন হয়েছিল, সেটাও নিজেদের মাটিতে। আগামী আসরের আয়োজকও বাংলাদেশ। সমর্থকদের প্রত্যাশার চাপ ভালোভাবেই অনুভব করতে পারছেন কোচ টমাস ডুলি। সাফ চ্যাম্পিয়নশিপের লোগো উন্মোচন অনুষ্ঠানে এসে বাংলাদেশ কোচ বললেন, চ্যাম্পিয়ন হওয়াই একমাত্র লক্ষ্য তার।

সাফ চ্যাম্পিয়নশিপের পঞ্চদশ আসর আগামী ৪ নভেম্বর শুরু হয়ে ১৭ নভেম্বর শেষ হওয়ার কথা। রাজধানীর একটি হোটেলে শনিবার এবারের প্রতিযোগিতার লোগো উন্মোচন করা হয়। মোবাইল ব্র্যান্ড টেকনো হয়েছে টাইটেল স্পন্সর।

অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের আকর্ষণের কেন্দ্রে অনুমিতভাবেই ছিলেন ডুলি। প্রায় দুই যুগ ধরে সাফের আঙিনায় চলা খরা কাটানোর ভার তার কাঁধে। যুক্তরাষ্ট্রের এই কোচ নানা বাস্তবতার প্রসঙ্গ টেনে শোনালেন আশাবাদও, ‘টুর্নামেন্টের মূল লক্ষ্য? আপনাদের কী মনে হয়? অবশ্যই চ্যাম্পিয়ন হতে চাই। শেষ পর্যন্ত আমরা জিতব কি না জানি না, তবে আমি আপনাদের বলতে পারি, জেতার জন্য সাধ্যমতো সবকিছু করার চেষ্টা করছি। খেলোয়াড়দের ক্ষেত্রেও একই কথা। আমি খেলোয়াড়দের কাছ থেকেও একই জিনিস চাই, মাঠে নামো, যা আছে তার সবটুকু উজাড় করে দাও এবং যদি প্রতিপক্ষ ভালো খেলে, তাহলে, জানেন তো… দুর্ভাগ্য। হয়তো তখন আমরা খুঁজে বের করব যে আমরা কী ভুল করেছি; যার কারণে এমনটা হয়নি, তবে এটি কেবল কথার কথা নয়, বুঝলেন তো, এটি কাজের বিষয়।’

বিজ্ঞাপন

ডুলি আরও বলেন, ‘২৩ বছর হয়ে গেছে (বাংলাদেশের প্রথম শিরোপা জয়)। তাই আমি মনে করি, এখন সময় এসেছে। আমাদের আত্মবিশ্বাসের সাথে এগোতে হবে, তবে অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে নয়। লক্ষ্য তখনই পূরণ হবে, যখন সবাই তাদের সেরা খেলাটা খেলবে এবং সঠিক সময়ে সেরা খেলাটা উপহার দেবে।’

দুটি বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা আছে ডুলির। ৬৫ বছর বয়সী এই কোচ নিজের খেলোয়াড়ী জীবনের মানসিকতা দেখতে চান তপু-মোরসালিনদের মধ্যে, ‘আমার সবসময় যে মানসিকতা থাকে, যখন খেলতাম, যখন কোচিং করাই—আমি প্রতিটি ম্যাচ জিততে চাই। কার বিপক্ষে খেলছি তা বিবেচ্য নয়। আমরা যদি জার্মানি, ব্রাজিল বা আর্জেন্টিনা বা অন্য যে কোনো দলের বিপক্ষে খেলি, আমি জিততে চাই। তাই এটি এমন এক ধরনের মানসিকতা যা আমার আছে এবং আমাকে খেলোয়াড়দের মধ্যেও এটি ছড়িয়ে দিতে হবে, যাতে তারাও একই কথা ভাবে।’

ডুলি স্বপ্ন দেখতে বলছেন সমর্থকদের, ‘আমরা আর্জেন্টিনা, ব্রাজিল বা জার্মানি বা ইংল্যান্ড বা এমন কোনো দলের বিপক্ষে খেলছি না, আমরা আমাদের প্রতিবেশী দলগুলোর বিপক্ষে খেলব। তারাই সেই দল যারা র‍্যাঙ্কিংয়ে আমাদের থেকে একটু পিছিয়ে বা একটু এগিয়ে আছে। মাঠে নামার সময় আমাদের কী ধরনের মানসিকতা থাকে, তা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে কি এটা সম্ভব? সবকিছুই সম্ভব। তবে, আমরা যদি এটিকে খুব সহজভাবে নিই, তাহলে স্পষ্টতই খুব কঠিন হবে, কিন্তু যদি আমরা গুরুত্ব সহকারে নিই, তবে ওই ট্রফিটি জেতার সম্ভাবনা আমাদের আছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর