রাজবাড়ী: দৌলতদিয়া ও পাটুরিয়া নৌ-রুটে চলন্ত ফেরি থেকে পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে এক নারী নিখোঁজ হয়েছেন।
শনিবার (২৫ জুলাই) সন্ধ্যার পর পাটুরিয়া থেকে দৌলতদিয়াগামী বিআইডব্লিউটিসির ‘কুমিল্লা’ ফেরিতে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই নিখোঁজ নারীকে উদ্ধারে অভিযান শুরু করেছে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিস।
জানা গেছে, নিখোঁজ ওই নারীর নাম মোসা. লাইজু (৩৯)। তিনি ঢাকার কামরাঙ্গীরচর থানার ঝাউচর এলাকার বাসিন্দা এবং মো. ফোরকান মিয়ার স্ত্রী। তার মায়ের নাম মোসা. মোর্শেদা বেগম।
জানা গেছে, পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা ফেরিটি মাঝপদ্মার লাল বয়া এলাকায় পৌঁছালে হঠাৎ ফেরির পেছনের অংশ থেকে নদীতে ঝাঁপ দেন ওই নারী। যাত্রীরা চিৎকার শুরু করলে ফেরির মাস্টার তাৎক্ষণিক ফেরি থামিয়ে ঘুরিয়ে আলোর সাহায্যে উদ্ধার অভিযান চালান। তবে তীব্র স্রোতের কারণে তাকে খুঁজে পাওয়া যায়নি।
দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে নৌ-পুলিশের উদ্ধারকারী দল স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। কিন্তু নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছে। নিখোঁজ নারীকে উদ্ধারে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে অভিযান চালিয়ে যাচ্ছে।’