Tuesday 28 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সেহরি নিয়ে হেল্প স্টেশন

সারাবাংলা ডেস্ক
৯ এপ্রিল ২০২৪ ১৭:৪৭

ঢাকা: রাজধানীর বিভিন্ন সরকারি হাসপাতালের রোগীদের পাঁচ শতাধিক স্বজনদের মাঝে সেহরির খাবার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান হেল্প স্টেশন। সোমবার (৮ এপ্রিল) মধ্যরাত ১টা থেকে ভোর সাড়ে চারটা পর্যন্ত রাজধানীর তিনটি হাসপাতালের রোগীর স্বজনদের হাতে খাবার তুলে দেন স্বেচ্ছাসেবকরা।

হেল্প স্টেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় অর্থোপেডিক হাসাপাতাল ও পুনবার্সন প্রতিষ্ঠান, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় রোগীদের ৬৫০ জন স্বজনের হাতে সেহরির খাবার হিসেবে ভুনা খিচুড়ি ও মুরগীর মাংস তুলে দেওয়া হয়।

বিজ্ঞাপন

হেল্প স্টেশনের প্রধান নির্বাহী কাব্য আহমদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে আমাদের অফিসে ইফতারের আয়োজন না করে সেই টাকা দিয়ে হাসপাতালের অসহায় মানুষদের মাঝে সেহরির খাবার বিতরণ করেছি। রাতে অধিকাংশ দোকানপাট বন্ধ থাকে। এসব মানুষ ইফতারের খাবার পেলেও বেশির ভাগ সময় সেহরিতে না খেয়ে থাকে। তাই আমরা মধ্যরাতে সেহরির খাবার বিতরণ করেছি।’

গত ১৪ দিন ধরে মেয়েকে নিয়ে মানিকগঞ্জ জেলা থেকে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসাপাতাল ও পুনবার্সন প্রতিষ্ঠানে অবস্থান করছেন ইসারফিল পরামানিক (৬২)। হেল্প স্টেশনের পক্ষ থেকে সেহরির খাবার পাওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেন ইসরাফিল পরামানিক। তিনি বলেন, ‘একটি খাবারের প্যাকেট পেয়েছি যা দিয়ে আজ সেহরি করব। যারা খাবার দিয়েছে তাদের জন্য অনেক দোয়া।’

হেল্প স্টেশনের সেহরি পেয়েছেন শাইয়া বেগম (৪৫)। তিনি শরীয়তপুর থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এসেছেন অসুস্থ মেয়েকে নিয়ে। মেয়ের অপারেশনজনিত কারণে গত ২ মাস ধরে এখানে অবস্থান করছেন।

শাইয়া বেগম বলেন, ‘আমি খাবার পেয়েছি এবং আমার মেয়ের জন্যও খাবার নিয়েছি। খাবার পাওয়ায় অনেক ভালো লাগছে।’

সারাবাংলা/একে