Tuesday 28 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ধূমপান করতে নিষেধ করায় কিশোরের আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ এপ্রিল ২০২৪ ১৬:১৪ | আপডেট: ১৬ এপ্রিল ২০২৪ ১৬:১৬

বগুড়া: বগুড়ার শিবগঞ্জে ধূমপান করতে নিষেধ করায় পরিবারের ওপর অভিমান করে সাহেদুজ্জামান সিয়াম (১৬) নামে এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল ৭টার দিকে উপজেলার পিরব ইউনিয়নের চাঁপাচিল গ্রামে এ ঘটনা ঘটে।

সিয়াম ওই গ্রামের আব্দুল মতিনের ছেলে। সে স্থানীয় কিফাতুল্লাহ তুরাফ আলী কিন্ডারগার্টেন স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

সিয়ামের ফুফা গাজীউল হক জানান, সিয়ামের পরিবারের সদস্যরা ধূমপান করার বিষয়টি জানতে পেরে তাকে ধূমপান করতে নিষেধ করে এবং পারিবারিক ভাবে শাসন করে। এতে অভিমান করে সোমবার দিবাগত রাতের যেকোনো সময় নিজের ঘরে ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় মঙ্গলবার সকাল ৭টার দিকে পরিবারের লোকজন তাকে ডাকাডাকির পর কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় সিয়ামকে দেখতে পায়। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বিজ্ঞাপন

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অব্দুর রউফ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলার দায়ের করা হয়েছে।

সারাবাংলা/ইআ