Wednesday 29 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফ্রান্সের নতুন কোচের দায়িত্ব পেলেন জিদান

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৮ জুলাই ২০২৬ ১৬:০৬ | আপডেট: ২৮ জুলাই ২০২৬ ১৬:০৮

অবশেষে জল্পনার অবসান হলো। ফ্রান্স জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে কিংবদন্তি জিনেদিন জিদানের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে ফ্রান্স ফুটবল ফেডারেশন (এফএফএফ)। আগে থেকেই জিদানের দায়িত্ব নেওয়ার গুঞ্জন ছিল। ফরাসি সংবাদমাধ্যমগুলো আগেই এ বিষয়ে ইঙ্গিত দিয়েছিল। শেষ পর্যন্ত সেই গুঞ্জনই সত্যি হলো। জিদানের সঙ্গে ২০৩০ সাল পর্যন্ত চুক্তি করেছে দেশটির ফুটবল নিয়ন্ত্রক সংস্থা।

২০২৬ বিশ্বকাপ শেষে দীর্ঘদিনের কোচ দিদিয়ের দেশমের বিদায়ের পর থেকেই জিদানের দায়িত্ব নেওয়ার গুঞ্জন ছিল। ফ্রান্সের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা জিদান ১৯৯৮ সালে দেশের জার্সিতে বিশ্বকাপ জয়ের নায়ক ছিলেন। খেলোয়াড়ি জীবন শেষে কোচ হিসেবেও তিনি পেয়েছেন অনন্য সাফল্য। রিয়াল মাদ্রিদের দায়িত্বে থেকে টানা তিন মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের বিরল কীর্তি গড়েন। ২০২১ সালে দ্বিতীয় দফায় রিয়ালের দায়িত্ব ছাড়ার পর দীর্ঘ সময় কোনো দলের ডাগআউটে দেখা যায়নি তাকে।

বিজ্ঞাপন

নতুন দায়িত্ব গ্রহণের পর নিজের অনুভূতি প্রকাশ করে জিদান বলেন, ফ্রান্স জাতীয় দলের কোচ হওয়া তার জন্য গর্ব ও সম্মানের বিষয়। ‘আমি অনেকবারই বলেছি, ফ্রান্স জাতীয় দলের চেয়ে বড় কিছু নেই। তাই এই দলের দায়িত্ব নেওয়া যেমন আনন্দের, তেমনি এটি আমার জন্য বিশাল গর্বেরও।’

তিনি আরও বলেন, ‘এটি একই সঙ্গে অনেক বড় দায়িত্ব। আমাকে এই সুযোগ দেওয়ার জন্য ফ্রান্স ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট, নির্বাহী কমিটি এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।’

জিদান জানান, রিয়াল মাদ্রিদ ছাড়ার পর বিভিন্ন ক্লাব ও জাতীয় দলের কাছ থেকে কোচিংয়ের প্রস্তাব পেয়েছিলেন। তবে ফ্রান্স জাতীয় দলের দায়িত্ব নেওয়ার আশায় তিনি সেসব প্রস্তাব গ্রহণ করেননি।

২০২৬ বিশ্বকাপে সেমিফাইনালে স্পেনের কাছে হেরে বিদায় নেয় ফ্রান্স। সেই হতাশা কাটিয়ে নতুন লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে জিদানের ওপর আস্থা রেখেছে ফরাসি ফুটবল কর্তৃপক্ষ।

সবকিছু ঠিক থাকলে আগামী ২৫ সেপ্টেম্বর উয়েফা নেশন্স লিগে তুরস্কের বিপক্ষে ম্যাচ দিয়েই ফ্রান্সের প্রধান কোচ হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে জিনেদিন জিদানের।

সারাবাংলা/এসএইচএস