Wednesday 29 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সেলিম প্রধানের প্রার্থিতা চেম্বারে আটকে গেল

স্টাফ করেসপন্ডেন্ট
৭ মে ২০২৪ ০০:০৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফাইল ছবি

ঢাকা: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে সেলিম প্রধানের মনোনয়নপত্র গ্রহণ করতে ও প্রতীক বরাদ্দ দিতে হাইকোর্টের দেওয়া আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। ফলে, ক্যাসিনো-কাণ্ডে আলোচিত সেলিম প্রধানের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ আর রইল না।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের প্রার্থী হাবিবুর রহমানের করা আবেদনের শুনানি নিয়ে সোমবার (৬ মে) হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিমের চেম্বার জজ আদালত এই আদেশ দেন।

আদালতে এদিন হাবিবুর রহমানের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মো. খুরশীদ আলম খান, সঙ্গে ছিলেন আইনজীবী মাহিন এম রহমান। আর সেলিম প্রধানের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী শাহ মঞ্জুরুল হক।

বিজ্ঞাপন

পরে এ বিষয়ে আইনজীবী মাহিন এম রহমান বলেন, ‘আপিল বিভাগের চেম্বার জজ আদালত হাইকোর্টের আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করেছেন। ফলে সেলিম প্রধান নির্বাচনে অংশ নিতে পারবেন না। ওই উপজেলা পরিষদ নির্বাচনে ২১ মে ভোট গ্রহণের দিন ধার্য রয়েছে।’

এর আগে, প্রার্থিতা ফিরে পেতে সেলিম প্রধানের করা এক রিটের শুনানি নিয়ে গত ৩০ এপ্রিল রুল দিয়ে হাইকোর্ট মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত ছয় মাসের জন্য স্থগিত করেছিলেন। একইসঙ্গে সেলিম প্রধানের মনোনয়নপত্র গ্রহণ করতে ও তাকে প্রতীক বরাদ্দ দিতে নির্দেশ দেন। ফলে সেলিম প্রধানের নির্বাচনে অংশ নেওয়ার পথ খুলে যায়।

কিন্তু হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হাবিবুর রহমান আপিল বিভাগে আবেদন করেন, যা ২ মে চেম্বার জজ আদালতে শুনানির জন্য ওঠে। সেদিন শুনানি নিয়ে আদালত সেলিম প্রধানের প্রার্থিতা বিষয়ে স্থিতাবস্থা বজায় রাখতে আদেশ দেন। সেই সঙ্গে আবেদনের ওপর রোববার (৫ মে) শুনানির জন্য দিন রাখেন। এরই ধারাবাহিকতায় আজ সেটি চেম্বার জজ আদালতে শুনানি হয়।

নথিপত্র থেকে জানা যায়, নৈতিক স্খলনজনিত ফৌজদারি অপরাধে (দুর্নীতির মামলা) দোষী সাব্যস্ত হয়ে চার বছরের কারাদণ্ডে দণ্ডিত হন সেলিম প্রধান। সেই দণ্ড থেকে মুক্তিলাভের পর পাঁচ বছর অতিবাহিত না হওয়ার বিষয়টি উল্লেখ করে গত ২৩ এপ্রিল সেলিম প্রধানের মনোনয়নপত্র বাতিল করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। এর বিরুদ্ধে সেলিম প্রধান আপিল কর্তৃপক্ষের কাছে আপিল করেন, যা গত ২৮ এপ্রিল নামঞ্জুর হয়।

এর পর, আপিল কর্তৃপক্ষের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে এবং প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে ওই রিট দায়ের করেন সেলিম প্রধান। হাইকোর্ট সেলিম প্রধানকে প্রতীক বরাদ্দ দেওয়ার নির্দেশ দিলেও চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করে দিয়েছেন।

সারাবাংলা/কেআইএফ/পিটিএম