Wednesday 05 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফেলানীর মতো হত্যাকাণ্ড আর দেখতে চাই না: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ সেপ্টেম্বর ২০২৪ ১৫:৩৭ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৪ ০৯:১৭

ঢাকা: দুর্নীতি থেকে নিজেদের দূরে রাখতে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) সদস্যদের প্রতি কঠোর নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

ফেলানীর মতো হত্যাকাণ্ড আর দেখতে চাই না উল্লেখ করে তিনি বলেন, সীমান্তে পিঠ প্রদর্শন করবেন না। নিজেদের ওপর অর্পিত দায়িত্ব পালন করুন।

শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দফতরের সীমান্ত সম্মেলন কেন্দ্রে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে বক্তৃতার সময় এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, দুর্নীতিকে কোনো অবস্থাতেই সহ্য করা হবে না। যারা ঘুস ও দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে তাদের চাকরিচ্যুত করা হবে। তিনি বলেন, বিজিবিকে আইন অনুযায়ী কাজ করতে হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধ বিজিবির মূল দায়িত্ব। তিনি এ সময় বিজিবিকে পেশাদারিত্বের সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকীসহ বিজিবি সদর দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ভিডিও টেলি কনফারেন্সের (ভিটিসি) মাধ্যমে বিজিবির সকল রিজিয়ন কমান্ডার, সেক্টর কমান্ডার, ব্যাটালিয়ন কমান্ডারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/জেআর/ইআ
বিজ্ঞাপন

আরো