ঢাকা: বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের দীর্ঘদিনের অংশীদারত্ব আরও জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
মঙ্গলবার (৪ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেচনিয়াক। সাক্ষাতে বাংলাদেশ সরকার ও জাতিসংঘের পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
বৈঠকে শান্তিরক্ষা কার্যক্রম, শিক্ষা, স্বাস্থ্যসেবা, সামাজিক সুরক্ষা, যুব উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন সহযোগিতা কাঠামো বাস্তবায়নসহ বিভিন্ন অগ্রাধিকারমূলক বিষয়ে মতবিনিময় করা হয়।
মাহ্দী আমিন সরকারের উন্নয়ন অগ্রাধিকার তুলে ধরে বলেন, ‘অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, মানবসম্পদ উন্নয়ন এবং টেকসই ও ন্যায্য প্রবৃদ্ধি অর্জনে আন্তর্জাতিক সহযোগিতা আরও সম্প্রসারণে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ।’
বৈঠকে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের ধারাবাহিক অবদানের বিষয়টি উঠে আসে। পাশাপাশি তরুণদের শিক্ষা, স্বাস্থ্যসেবা ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী বহুপক্ষীয় পরিসরে নির্বাচিত সরকারের গঠনমূলক নেতৃত্বের প্রশংসা করেন এবং বাংলাদেশের জাতীয় উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে জাতিসংঘের অব্যাহত সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
এ ছাড়া জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রস্তুতি নিয়ে দুই পক্ষ মতবিনিময় করেন। বৈশ্বিক ও জাতীয় অভিন্ন লক্ষ্য অর্জনে ভবিষ্যতে সহযোগিতা আরও জোরদারের বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়।
সাক্ষাতের সময় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কার্যালয়ের প্রধান লুইস বারবার উপস্থিত ছিলেন।