Thursday 06 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ তদন্তে কমিটি

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৩ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৪ ০৯:১৬

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজ ভাঙা কারখানায় বিস্ফোরণে হতাহতের ঘটনা তদন্তে আট সদস্যের কমিটি করেছে জেলা প্রশাসন। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে।

রোববার (৮ সেপ্টেম্বর) চট্টগ্রামের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রাকিব হাসান এ কমিটি গঠন করে বিস্ফোরণ ও হতাহতের ঘটনা তদন্তের আদেশ দিয়েছেন বলে জানিয়েছেন স্টাফ অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমুন নবী।

কমিটিতে চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম গোলাম মোর্শেদ খানকে আহ্বায়ক করা হয়েছে।
সাতজন সদস্য হলেন- শিল্প পুলিশের প্রতিনিধি, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একেএম রফিকুল ইসলাম, পরিবেশ অধিদফতর চট্টগ্রামের উপ-পরিচালক মো. মোজাহিদুর রহমান, ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক মো. আব্দুল মালেক, সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন, সহকারি বিস্ফোরক পরিদর্শক এস এম সাখাওয়াত হোসাইন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের সহকারি পরিদর্শক শুভংকর দত্ত।

বিজ্ঞাপন

তদন্ত কমিটিকে বিস্ফোরণে হতাহতের কারণ অনুসন্ধান ও ক্ষয়ক্ষতি নির্ধারণ এবং এ ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে সুপারিশমালা প্রণয়ন করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক।

এর আগে, শনিবার সকালে সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর গ্রামের তেঁতুলতলা এলাকায় এস এন করপোরেশন নামে একটি জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণে ১২ শ্রমিক দগ্ধ হন। এদের মধ্যে আটজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকায় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাতে আহমেদ উল্লাহ নামে এক শ্রমিকের মৃত্যু হয়।

সারাবাংলা/আরডি/ইআ
বিজ্ঞাপন

আরো