রাবি: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর গোপন তৎপরতায় লিপ্তের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৪২ শিক্ষকের বিরুদ্ধে অনুসন্ধান (ফ্যাক্ট ফাইন্ডিং) কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) রাতে রাবি উপাচার্য প্রফেসর ড. ফরিদুল ইসলামের নির্বাহী (অফিস) আদেশে এ কমিটি গঠন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. রেজাউল করিম- ২ কে আহ্বায়ক করে পাঁচ সদস্যের এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্য হচ্ছেন, ফার্মেসি বিভাগের প্রফেসর মো. গোলাম ছাদিক, প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের প্রফেসর মোহাম্মদ আমীরুল ইসলাম, প্রাণিবিদ্যা বিভাগের প্রফেসর মো. আনিছুর রহমান ও সদস্য-সচিব অ্যাগ্রোনমি অ্যাগ্রিকালচারাল অ্যান্ড এক্সটেনশন বিভাগের প্রফেসর মো. গিয়াস উদ্দিন আহমেদ।
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ বলেন, ‘শেখ হাসিনাকে দেশে ফেরানোর গোপন তৎপরতায় জড়িত থাকার অভিযোগে এসব শিক্ষকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এ কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরবর্তী ব্যবস্থা নেবে।’
তিনি আরও বলেন, ‘একটি অনলাইন পত্রিকায় শেখ হাসিনাকে ফেরাতে ২২ বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষকের গোপন তৎপরতা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। যেখানে রাবির ৪২ জন শিক্ষকের নাম উল্লেখ করা হয়েছে। সেই প্রতিবেদনে কয়েকজন শিক্ষকের নাম আংশিক বা ডাকনামে উল্লেখ করা হয়েছে। তদন্ত কমিটি প্রকৃত অভিযুক্তদের পরিচয় নিশ্চিত করবে। এরপর তাদের শোকজ করা হবে। এরপরই ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম বলেন, ‘বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে এসেছে। সঠিক ব্যক্তিদের শনাক্ত করতেই কমিটি গঠন করা হয়েছে।’