Thursday 06 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নাফ নদীতে ভাসমান ব্যাগে মিলল গ্রেনেড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ সেপ্টেম্বর ২০২৪ ২৩:১৮

কক্সবাজার: টেকনাফের নাফ নদীতে ভাসমান ব্যাগে মিলেছে একটি হ্যান্ড গ্রেনেড। এটি স্থানীয় জেলেরা উদ্ধার করে বিজিবির কাছে হস্তান্তর করেছে।

রোববার (৮ সেপ্টেম্বর) সকালে টেকনাফ উপজেলার নাফ নদীর সাবরাং পয়েন্ট থেকে ওই হ্যান্ড গ্রেনেডটি উদ্ধার করা হয় বলে জানান, বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।

তবে হ্যান্ড গ্রেনেডটি কোন দেশের তৈরি এবং কোথা থেকে ব্যাগটি ভেসে এসেছে এ ব্যাপারে তথ্য নিশ্চিত করতে পারেননি তিনি।

স্থানীয়দের বরাতে লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ বলেন, ‘রোববার সকালে টেকনাফ উপজেলার নাফ নদীর সাবরাং পয়েন্টে একটি ব্যাগ ভাসতে দেখে স্থানীয় জেলেরা। পরে জেলেরা ব্যাগটি উদ্ধারের পর খুলে একটি হ্যান্ড গ্রেনেড পান। এরপর স্থানীয় জেলেরা নাফ নদীতে ভাসমান ব্যাগ থেকে হ্যান্ড গ্রেনেড উদ্ধারের তথ্য বিজিবির সংশ্লিষ্টদের অবহিত করেন। পরে বিজিবির একটি দল ঘটনাস্থলে পৌঁছে হ্যান্ড গ্রেনেডটি হেফাজতে নিয়েছে।’

বিজ্ঞাপন

মহিউদ্দীন আহমেদ জানান, উদ্ধার হওয়া হ্যান্ড গ্রেনেডটি বিজিবির ব্যাটালিয়ন দফতরে রাখা হয়েছে।

সারাবাংলা/এমও