Thursday 06 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খালেদাকে পদ্মা সেতু থেকে ফেলার ‘হুমকি’, হাসিনার বিরুদ্ধে মামলা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৪৬ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২১:৪৮

চট্টগ্রাম ব্যুরো: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পদ্মাসেতু থেকে ফেলে দেওয়ার সেই আলোচিত বক্তব্যের জেরে চট্টগ্রামে মামলা হয়েছে। মামলায় সেই বক্তব্যদাতা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একমাত্র আসামি করা হয়েছে।

রোববার (১৫ সেপ্টেম্বর) চট্টগ্রামের প্রথম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে মামলাটি দায়ের করেছেন নগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সৌরভ প্রিয় পাল।

বাদীর আইনজীবী অ্যাডভোকেট রেজাউল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, আদালত মামলা আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন। একজন অতিরিক্ত পুলিশ সুপার অথবা সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তার মাধ্যমে তদন্ত করে ত্রিশ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলেছেন আদালত।

বিজ্ঞাপন

পদ্মা সেতু উদ্বোধনের আগে ২০২২ সালের ১৮ মে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বক্তব্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সেতু থেকে ‘টুঁস করে’ ফেলে দেওয়ার কথা বলেছিলেন। একই বক্তব্যে শেখ হাসিনা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পদ্মা নদীতে চুবানোর কথা বলেছিলেন।

মামলার বাদী সৌরভ প্রিয় পাল সারাবাংলাকে বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে দেওয়া বক্তব্যের মাধ্যমে মূলত শেখ হাসিনা তাকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছিলেন এবং হত্যার জন্য নিজ দলের সন্ত্রাসীদের প্ররোচনা দিয়েছিলেন। গত পাঁচ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাবার পর বেগম জিয়াকে হত্যার হুমকি ও প্ররোচনার বিচার চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছি।’

সারাবাংলা/আরডি/ইআ