Thursday 06 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সারা দেশে পলিথিন ব্যাগের বিরুদ্ধে অভিযান ১ নভেম্বর থেকে

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৮ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২১:৫৩

দেশের সব বাজারেই দোকানে দোকানে দেখা মেলে পলিথিন ব্যাগের। ছবি: সংগৃহীত

ঢাকা: সুপার শপগুলোতে পলিথিনের ব্যাগের বিরুদ্ধে অভিযানের ঘোষণা ছিল আগে থেকেই। এবারে সারা দেশেই পলিথিনের ব্যাগের বিরুদ্ধে অভিযানের ঘোষণা দিয়েছে সরকার। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, ১ নভেম্বর থেকে দেশব্যাপী পলিথিন ব্যাগের বিরুদ্ধে অভিযান চালানো হবে। এর আগে ১ অক্টোবর থেকে কেবল সুপার শপগুলোতে পলিথিন ব্যাগের বিরুদ্ধে অভিযান চালানো হবে।

পরিবেশের ওপর প্লাস্টিকের বিরূপ প্রভাব মোকাবিলায় প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণে বুধবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় দোকান মালিক সমিতি ও প্লাস্টিক পণ্য ব্যবসায়ীদের সঙ্গে আয়োজিত পরামর্শক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

পরিবেশ উপদেষ্টা বলেন, সরকার নিষিদ্ধ পলিথিন ও পলিপ্রপিলিন শপিং ব্যাগের উৎপাদন, মজুত, পরিবহণ, বিপণন ও ব্যবহার বন্ধের কার্যক্রম কঠোরভাবে বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে। এর অংশ হিসেবে ১ অক্টোবর থেকে সুপার শপে অভিযান পরিচালনার সিদ্ধান্ত ছিল। সেই সিদ্ধান্ত যথানিয়মে বাস্তবায়ন করা হবে। কাঁচাবাজারসহ দেশের সব প্রকার বাজার কর্তৃপক্ষ ১ অক্টোবর থেকে নিজ উদ্যোগে অবৈধ পলিথিন শপিং ব্যাগ বর্জন করবে। ১ নভেম্বর থেকে দেশব্যাপী আইন প্রয়োগ শুরু হবে।

আরও পড়ুন- ১ অক্টোবর থেকে সুপার শপে পলিথিন ব্যাগ নিষিদ্ধ

সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশের সুরক্ষা ও টেকসই উন্নয়নের জন্য প্লাস্টিক ব্যবহারের বিকল্প খুঁজে বের করার ওপর জোর দেন। জানান, আগামী ২৯ সেপ্টেম্বর পরিবেশ অধিদফতরে প্লাস্টিকের বিকল্প মেলার আয়োজন করা হয়েছে।

উপদেষ্টা বলেন, প্লাস্টিক দূষণ কেবল পরিবেশের জন্য নয়, জনস্বাস্থ্যের জন্যও হুমকি। তাই সরকারের পাশাপাশি ব্যবসায়ীদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভায় উপস্থিত ব্যবসায়ী ও দোকান মালিকরা সরকারের সিদ্ধান্তের প্রতি একমত পোষণ করেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

সভায় পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ও অতিরিক্ত সচিব, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন, বাংলাদেশ প্লাস্টিক প্যাকেজিং রোল ম্যানুফ্যাকচারার্স ওনার্স অ্যান্ড ট্রেড অ্যাসোসিয়েশনের সভাপতি আবু মোতালেব, বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক রফতানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি শামীম আহমেদ, প্লাস্টিক অ্যান্ড রাবার শু মার্চেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি হাজী মো. কামরুল হাসান, বাংলাদেশ ব্রেড অ্যান্ড কনফেকশনারি প্রস্তুতকারক সমিতির সভাপতি মো. জালাল উদ্দীনসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/টিআর