Thursday 06 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জাবিতে মারধরের শিকার সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু

জাবি করেসপন্ডেন্ট
১৯ সেপ্টেম্বর ২০২৪ ১৫:৪৯ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২১:৫৪

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মারধরের শিকার শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ ওরফে শামীম মোল্লা মারা গেছেন।

বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে সাভারের গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে, গত ১৫ জুলাই রাতে উপাচার্যের বাসভবনে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ৩৯ ব্যাচের শিক্ষার্থী শামীম মোল্লাকে গণপিটুনি দেয় শিক্ষার্থীরা। নিহত শামীম আশুলিয়ার কাঠগড়া মোল্লাবাড়ীর ইয়াজ উদ্দিন মোল্লার ছেলে।

সাভারের আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বলেন, ‘গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শামীম কিছুক্ষণ আগে মারা গেছেন। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।’

বিজ্ঞাপন

মৃত্যুর বিষয়ে কর্তব্যরত চিকিৎসক ডা. সেলিমুজ্জামান সেলিম বলেন, ‘আমাদের এখানে যখন আনা হয়, তখন আমরা পরীক্ষা করে দেখি যে তিনি মৃত, অর্থাৎ তাকে আমাদের এখানে মৃত অবস্থায় আনা হয়। তার শরীরে সে রকম গুরুতর কোনো ক্ষত পাওয়া যায়নি। আর কী কারণে মারা গেছেন, এটা জানার জন্য ময়নাতদন্ত করতে হবে।’

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শামীম মোল্লা বিশ্ববিদ্যালয়ের পাশের এলাকায় থাকেন। গত ১৫ জুলাই রাতে উপাচার্যের বাসভবনে অবস্থানরত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও বহিরাগত সন্ত্রাসীদের হামলায় তিনি যুক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, প্রক্টর অফিসে জিজ্ঞাসাবাদ করার সময় তাকে আশঙ্কাজনক মনে হয়নি। এমনকি তিনি নিজে হেটে পুলিশের গাড়িতে উঠেছেন। এরকম আসামিকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যুবরণ করার বিষয়টি রহস্যজনক। নিশ্চিত না হয়ে এ বিষয়ে মন্তব্য করা উচিৎ বলে মনে করছি না।

সারাবাংলা/এনইউ