মানিকগঞ্জ: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ড পাওয়া আসামি ফিরোজ হোসেনকে (৩০) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) ভোররাতে ঢাকার ধামরাই থানার কুশিয়ারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৪-এর সিপিসি-৩-এর মানিকগঞ্জ ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মো. আরিফ হোসেন এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতার ফিরোজ ধামরাইয়ের কাছৈর গ্রামের মীর হোসেনের ছেলে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৬ আগস্ট কাশিমপুর কারাগার থেকে পালিয়ে দেশের বিভিন্ন এলাকায় আত্মোগোপনে ছিলেন।
র্যাব জানায়, জমিজমা বিরোধের জেরে ২০২০ সালের ২৪ অক্টোবর রাতে ঢাকার ধামরাইয়ের গাইরাকুল এলাকায় শুকুর আলীকে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে জখম করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় ফিরোজ হোসেন ও জাকির হোসেনসহ কয়েকজন আসামি। পরে এঘটনায় নিহতের ছেলে বাদি হয়ে ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। মামলায় উভয়পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে দোষী প্রমাণিত হওয়ায় বিচারক ফিরোজ হোসেনকে ২০২২ সালের ৯ নভেম্বর মৃত্যুদণ্ড দেন।
মোহাম্মদ আরিফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।