Friday 07 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন ড. ইউনূস, বহরে ৫৭ জন

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৪৯ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২২:২০

ঢাকা: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী সোমবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্ক যাচ্ছেন। সফরসঙ্গী, নিরাপত্তা বাহিনী ও গণমাধ্যমকর্মী মিলিয়ে মোট ৫৭ জনের একটি বহর নিয়ে তিনি এ সফরে যাবেন।

শনিবার (২১ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

এ সময় পররাষ্ট্র উপদেষ্টা, শেখ হাসিনা সরকারের আমলে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যাওয়া বহরের একটি পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, আগে যারা বড় বহর নিয়ে যেতেন, তারা কেন সেটা করতেন তা আমি বলতে পারব না। হয়ত এটার কোনো অর্জন ছিল, কিন্তু আমার জানা নেই।

বিজ্ঞাপন

তিনি বলেন, স্বাভাবিক সময়ে সংখ্যা ছিল ৩৪৪ জন ও ৩৩৫ জন, এটা ছিল ৭৩ ও ৭৪তম অধিবেশনে। কোভিডের কারণে ৭৫তম হয়েছে ভার্চুয়ালি। কোভিডের সীমাবদ্ধতার মধ্যেও ৭৬তম অধিবেশনে ১০৮, ৭৭তম অধিবেশনে ১৩৮ জন গিয়েছিলেন। কোভিড পরবর্তী সময় যখন ব্যয় সংকোচনের কথা বলা হচ্ছিল তখনও ১৪৬ জনের বহর নিয়ে নিউইয়র্কে যায় বাংলাদেশ।

সারাবাংলা/জিএস/এনইউ