Friday 07 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছাড়াল ২৬ হাজার, মৃত্যু আরও ২ জনের

সিনিয়র করেসপন্ডেন্ট
২৫ সেপ্টেম্বর ২০২৪ ২২:৩০ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৪

ঢাকা: মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) থেকে বুধবার (২৫ সেপ্টেম্বর) পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে আরও ৮৫৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে চলতি বছরের ২৫ সেপ্টেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ২৬ হাজার ৫৫৫ জন। এর মাঝে ২৩ হাজার ৫০৩ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ১৩৮ জন।

বুধবার (২৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার এন্ড কন্ট্রোল রুম থেকে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বিগত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৫৪ জনের মাঝে পুরুষ ৫৫১ জন ও নারী ৩০৩ জন। এর মাঝে ঢাকার দুই সিটি করপোরেশনের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৩৬৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন। দুই সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় বিগত ২৪ ঘণ্টায় ২০০ জন রোগী নতুনভাবে হাসপাতালে ভর্তি হয়েছেন ডেঙ্গু আক্রান্ত হয়ে।

বিজ্ঞাপন

বিগত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগে ৩৫ জন, চট্টগ্রাম বিভাগে ৯৮ জন, খুলনা বিভাগে ৬৪ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। রাজশাহী বিভাগে ২৭ জন, রংপুর বিভাগে ১০ জন, বরিশাল বিভাগে ৫৫ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বিগত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন। সিলেট বিভাগে বিগত ২৪ ঘণ্টায় কোনো ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হননি।

স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, চলতি বছরের ২৪ সেপ্টেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ২৬ হাজার ৫৫৫ জন। এর মধ্যে ৬২.৮ শতাংশ পুরুষ এবং ৩৭.২ শতাংশ নারী রয়েছেন। চলতি বছর এ যাবত ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ১৩৮ জন। এর মাঝে ৫২.২ শতাংশ নারী ও ৪৭.৮ শতাংশ পুরুষ।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৭৯৩ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

উল্লেখ্য, ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত ও মৃত্যুর যে ঊর্ধ্বমুখী চিত্র দেখা যায়, সেটার ধারাবাহিকতা বজায় ছিল চলতি বছরের জানুয়ারিতেও। মোট এক হাজার ৫৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী জানুয়ারি মাসে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেয়। এর মাঝে ১৪ জন মারা যান।

তবে ফেব্রুয়ারি মাস থেকে এই সংখ্যা কমে আসতে থাকে। এই মাসে ৩৩৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর মাঝে তিন জন মারা যান। মার্চে মাসে দেশে ৩১১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়। যার মাঝে পাঁচ জন মারা যাওয়ার তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর। এপ্রিলে ৫০৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয় যার মাঝে দুই জন মারা যান। মে মাসে ৬৪৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগীর মাঝে ১২ জন মারা গেছেন।

জুনে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭৯৮ জন চিকিৎসা নেন। এর মাঝে আটজন মারা যান। তবে জুলাই মাসে জুনের তুলনায় ৩ দশমিক ৩৪ গুণ বেশি বা দুই হাজার ৬৬৯ জন রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন। এদের মধ্যে মারা যান ১২ জন। কিন্তু সেই হিসাব ছাড়িয়ে যায় আগস্টের পরিসংখ্যানে। এই মাসটিতে জুলাইয়ের তুলনায় ২ দশমিক ৬২ শতাংশ বেশি বা ছয় হাজার ৫২১ জন রোগী শনাক্ত হয়। যার মধ্যে মারা গেছেন ২৭ জন।

 

সারাবাংলা/এসবি/এনইউ