Friday 07 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আড়াই দিনেই ভারতের কাছে হেরে গেল বাংলাদেশ!

স্পোর্টস ডেস্ক
১ অক্টোবর ২০২৪ ১৪:৩০ | আপডেট: ১ অক্টোবর ২০২৪ ১৮:২০

৫ম দিনের লাঞ্চের আগে বাংলাদেশকে মাত্র ১৪৬ রানে গুটিয়ে দিয়ে জয়ের পথটা সুগম করে রেখেছিল ভারত। বাংলাদেশের দেওয়া ৯৫ রানের টার্গেট ছুঁতে ভারতের লেগেছে মাত্র ১৭ ওভার। কানপুরে ৭ উইকেটের দারুণ এক জয়ে বাংলাদেশের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করেছে ভারত। কার্যত আড়াই দিনেই এই টেস্ট হেরেছে বাংলাদেশ!

শেষ দিনের লাঞ্চের আগে দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশকে ১৪৬ রানে অলআউট করেছিল ভারত। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের লিড ছিল মাত্র ৯৪। ৯৫ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ঝড়ো সূচনা করেছেন রোহিত-জসওয়াল জুটি। মিরাজের বলে ৮ রানে ফেরেন রোহিত। ৬ রান করা শুভমান গিলকেও প্যাভিলিয়নে ফিরিয়েছেন মিরাজই।

বিজ্ঞাপন

জসওয়াল-কোহলি জুটিতেই জয়ের কাছে পৌঁছে যায় ভারত। আক্রমণাত্মক ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরি তুলে নেন জসওয়াল। ৮ চার ও এক ছক্কায় ৪৫ বলে ৫১ রান করে হাসান মাহমুদের শিকার হন তিনি। শেষ পর্যন্ত ৭ উইকেটের দারুণ এক জয় নিয়েই মাঠ ছাড়ে ভারত। কোহলি অপরাজিত ছিলেন ২৯ রানে।

এই জয়ে ২-০ ব্যবধানে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেই টেস্ট সিরিজ জিতল ভারত।

দিনের শুরুতেই মোমিনুলকে হারায় বাংলাদেশ। ২ রান করা মোমিনুল অশ্বিনকে সুইপ করতে গিয়ে লেগ স্লিপে রাহুলের হাতে তালুবন্দি হন তিনি। এরপর চতুর্থ উইকেটে শান্ত-সাদমানে দারুণভাবেই এগিয়ে যাচ্ছিল বাংলাদেশ। এই জুটি তোলে ৫৫ রান। এই সময়ে হাফ সেঞ্চুরিও তুলে নেন সাদমান।

শান্তকে ফিরিয়ে এই জুটি ভাঙ্গেন জাদেজা। ১৯ রান করা শান্ত রিভার্স সুইপ করতে গিয়ে বোল্ড হয়েছেন। এরপরেই শুরু হয় বাংলাদেশি ব্যাটারদের যাওয়া আসার মিছিল। তিন রানের মাঝে ফেরেন লিটন, সাকিব ও সাদমান। সাদমান ৫০ রান করে আকাশদীপের বলে জসওয়ালের হাতে ক্যাচ দিয়েছেন। লিটনকে ১ রানে ও সাকিবকে ০ রানে ফেরান জাদেজা।

পরের কাজটা সেরেছেন বুমরাহ। এক মুশফিক এক প্রান্ত আগলে রেখে লড়াইটা চালিয়ে গেছেন। তার ৩৭ রানের সুবাদেই লিড ৯০ পেরিয়েছে। শেষ পর্যন্ত লাঞ্চের আগের শেষ বলে বুমরাহর বলে মুশফিক বোল্ড হলে ৯৪ রানের লিড নিয়েই থামে বাংলাদেশের ইনিংস। বুমরাহ ও জাদেজা ৩টি করে উইকেট নিয়েছেন।

সারাবাংলা/এফএম