Friday 07 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নাটোরে পর্যটনমন্ত্রীর সভাস্থল থেকে পিস্তলসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ আগস্ট ২০২৬ ১৯:১০

আটক হওয়া যুবক।

নাটোর: নাটোরের উত্তরা গণভবনের সামনে বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতার সভাস্থল থেকে এক যুবককে পিস্তলসহ আটক করেছে পুলিশ।

শুক্রবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে তাকে আটক করা হয়।

আটক হওয়া যুবকের নাম তানিম। তিনি নিজেকে নাটোর পৌরসভার কানাইখালী এলাকার শামসুল আলমের ছেলে বলে দাবি করেছেন।

নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনসুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার বিকেল ৩টার দিকে বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম উত্তরা গণভবন পরিদর্শন শেষে গণভবনের গেটসংলগ্ন একটি পথসভা মঞ্চে বক্তব্য দিচ্ছিলেন। এ সময় ওই যুবক মন্ত্রীর কাছাকাছি অবস্থান করছিলেন। মন্ত্রী মঞ্চ থেকে নামার সময় ওই যুবকের সঙ্গে দুইবার ধাক্কা লাগে।

বিজ্ঞাপন

এতে সন্দেহ হলে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে তার কাছে একটি পিস্তল পাওয়া যায়। পরে পিস্তলসহ তাকে আটক করে নাটোর সদর থানার হেফাজতে নেওয়া হয়েছে।

তবে আটক যুবক দাবি করেন, পিস্তলটি তার বাবার নামে লাইসেন্স করা। নিজের আত্মরক্ষার জন্য তিনি সেটি সঙ্গে এনেছিলেন। তিনি নিজেকে একজন শিক্ষার্থী বলেও দাবি করেন।

নাটোরে বিমান ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম উত্তরা গণভবন পরিদর্শন শেষে মিনি কক্সবাজার খ্যাত পাটুলে যাওয়ার সময় ওই যুবককে আটক করে পুলিশ।

পর্যটনমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে জাতীয় সংসদের হুইপ এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যানসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।