ম্যাচের চতুর্থ দিনের সকালেও এমন ফলাফল ছিল রীতিমত অকল্পনীয়। প্রায় আড়াই দিনের বেশি সময় বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পরেও যে ভারত ম্যাচ জিতবে এক সেশন বাকি থাকতেই, সেটা কেউই হয়তো ভাবেননি! শেষ পর্যন্ত কানপুরে ৭ উইকেটের অবিশ্বাস্য এক জয়েই ২-০ ব্যবধানে সিরিজ জিতল ভারত। বাংলাদেশকে হারাতে এই টেস্টে ভারতকে ব্যাটিং করতে হয়েছে মাত্র ৫২ ওভার!
কানপুর টেস্টের প্রথম দিনে খেলা হয়েছিল মাত্র ৩৫ ওভার। ৩ উইকেট হারিয়ে ১০৭ রান তুলেছিল বাংলাদেশ। এরপর দ্বিতীয় ও তৃতীয় দিনে এক বলও মাঠে গড়ায়নি। চতুর্থ দিনে ব্যাটিংয়ে নেমে ২৩৩ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের প্রথম ইনিংস। এরপর নিজেদের ইনিংসে ব্যাটিংয়ে নেমে রীতিমত তান্ডব চালিয়েছেন ভারতীয় ব্যাটাররা। টেস্ট ইতিহাসের দ্রুততম দলীয় ৫০ ও ১০০ রানের রেকর্ডও করেছেন তারা।
রোহিত, গিল, জসওয়াল, কোহলি, রাহুলদের আক্রমণাত্মক ব্যাটিংয়ে মাত্র ৩৪.৪ ওভারে ৯ উইকেটে ২৮৫ রান তুলে ইনিংস ঘোষণা করে ভারত। ৫২ রানের লিড নিয়ে বোলিংয়ে নেমে বাংলাদেশকে মাত্র ১৪৬ রানেই আটকে দিয়েছেন ভারতীয় বোলাররা। শেষ দিনে ম্যাচ জিততে ভারতের প্রয়োজন ছিল মাত্র ৯৫ রান।
৯৫ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসের মতোই ঝড়ো ব্যাটিং করে ১৭ ওভার ২ বলেই লক্ষ্য ছুঁয়ে ফেলে ভারত। সব মিলিয়ে ৫২ ওভার ব্যাটিং করতে হয়েছে ভারতকে।
কানপুর টেস্ট জিততে ভারত ব্যাটিং করেছে মোট ৩১২ বল। টেস্ট ইতিহাসে সবচেয়ে কম বল খেলে ম্যাচ জেতার তালিকায় তারা আছেন চতুর্থ স্থানে। ১৯৩৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৭৬ বল খেলেই জয় পেয়েছিল ইংল্যান্ড, এখন পর্যন্ত এটিই বিশ্বরেকর্ড।
দুইদিন বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পরেও ম্যাচের ফলাফল আসার এটি ৮ম ঘটনা। দুই ইনিংস মিলিয়ে কানপুর টেস্টে ভারতের রান রেট ৭.৩৬ । টেস্টে ইতিহাসে এটিই এক দলের সবচেয়ে বেশ রান রেট। ভারত ছাড়িয়ে গেছে দক্ষিণ আফ্রিকাকে, তারা ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৬.৮০ রান রেট তুলেছিল।