Friday 07 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নরসিংদী আইনজীবী সমিতি ভবনে হামলা, ৫ আইনজীবী আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ অক্টোবর ২০২৪ ২২:৩২ | আপডেট: ৩ অক্টোবর ২০২৪ ০২:০৩

নরসিংদী জেলা আইনজীবী সমিতিতে হামলা। ছবি: সিসি ক্যামেরার ফুটেজ থেকে

নরসিংদী: নরসিংদী জেলা আইনজীবী সমিতি ভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলায় পাঁচজন আইনজীবী আহত হয়েছেন। আইনজীবীদের অভিযোগ, জেলা ছাত্রদল সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদের নেতৃত্বে এই হামলা হয়।

বুধবার (২ অক্টেবর) বিকেল সোয়া ৪টার দিকে আইনজীবী সমিতি ভবনে সমিতির সভাপতি অ্যাডভোকেট কাজী নাজমুল ইসলামের কক্ষে এ হামলার ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন— অ্যাডভোকেট হাসান আল মামুন, অ্যাডভোকেট মোহাম্মদ আলী টুটুল, অ্যাডভোকেট আল আমিন, অ্যাডভোকেট আনিস ও অ্যাডভোকেট নাসরিন আক্তার।

আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট কাজী নাজমুল ইসলাম বলেন, বিকেলে হঠাৎ করে জেলা ছাত্রদল সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদের নেতৃত্বে একদল দুর্বৃত্ত আইনজীবী সমিতি ভবনের দ্বিতীয় তলায় সমিতির সভাপতির কক্ষে হামলা চালায়। আমার টেবিলের গ্লাসসহ বেশ কিছু আসবাবপত্র ভাঙচুর করে। এ সময় আমিসহ অন্য আইনজীবীরা কক্ষে বসা ছিলাম। আমাকে বাঁচাতে অন্য আইনজীবীরা ঘিরে ধরলে তাদের ওপর চড়াও হয় দুর্বৃত্তরা। আমি নিরাপদে বের হতে পারলেও হামলায় পাঁচজন আইনজীবী আহত হয়েছেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে জানতে অভিযুক্ত ছাত্রদল সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদের মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও কল ঢোকেনি। তবে নাহিদ তার ফেসবুক প্রোফাইলে একটি ভিডিওবার্তা দিয়েছেন।

ওই বার্তায় নাহিদ বলেন, আওয়ামী লীগ সরকারের পতনের মাধ্যমে নতুন বাংলাদেশ হয়েছে। তারেক রহমান ও স্থানীয় নেতাদের নির্দেশে আমরা শান্তিপূর্ণ অবস্থানে ছিলাম, নাশকতা প্রতিরোধে আমরা ছিলাম। গতকাল মাধবদীতে একটি মামলা হয়েছে। সেই মামলার বাদীকে আইনজীবীসহ আওয়ামী লীগের লোকজন জোর করে তুলে এনে মামলা প্রত্যাহারের চাপ প্রয়োগ করে। আমরা গিয়ে বাদীসহ হলফনামা উদ্ধার করেছি।

সারাবাংলা/টিআর