চট্টগ্রাম: নগরীর পাঁচলাইশ থানাধীন চশমা হিল এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ,ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানা যায়, গভীর রাতে কয়েকজন দুর্বৃত্ত বাসভবনে আগুন ধরানোর চেষ্টা করে। একপর্যায়ে আগুন পাইপলাইনে ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশও ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, ‘বৃহস্পতিবার রাত ২টার দিকে হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’
বাসভবনটি প্রয়াত চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর পারিবারিক বাড়ি। ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর নিরাপত্তাকর্মী ছাড়া সেখানে পরিবারের কেউ নিয়মিত বসবাস করেন না।
জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দ্বিতীয় বার্ষিকীতে গত বুধবার (৫ আগস্ট) নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে অডিও বার্তা দেন ওই সরকারের সাবেক প্রধানমন্ত্রী বর্তমানে ভারতে আশ্রয়ে থাকা শেখ হাসিনা। সেই অনুষ্ঠানে নওফেলও অংশ নেন। স্থানীয়দের ধারণা, ওই ঘটনার জেরেই বাড়িটিতে আগুন দেওয়া হয়েছে।