Friday 07 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘কালুরঘাট সেতু নিয়ে কালক্ষেপণ উচিত হবে না’

সারাবাংলা ডেস্ক
৩ অক্টোবর ২০২৪ ২০:৪২ | আপডেট: ৩ অক্টোবর ২০২৪ ২২:২৬

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে কর্ণফুলী নদীর ওপর বহুল প্রত্যাশিত কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত শুরুর তাগিদ দিয়েছেন নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে নগরীর সিআরবিতে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক নাজমুল ইসলামের সঙ্গে সাক্ষাতে তিনি এ দাবি জানান বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সাক্ষাতে এরশাদ উল্লাহ বলেন, ‘চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের দাবি কালুরঘাট সেতু। এ সেতুর জন্য দক্ষিণ চট্টগ্রামের মানুষকে বিশেষ করে বোয়ালখালীর জনসাধারণকে গত ৩০-৩৫ বছর ধরে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমরা বিএনপির পক্ষ থেকে এবং বোয়ালখালীর মানুষ বারবার দুর্ভোগের কথা তুলে ধরে একটি নতুন সেতু নির্মাণের দাবি জানিয়ে এলেও গত ১৫ বছর ধরে ক্ষমতা আঁকড়ে থাকা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার সেটা বাস্তবায়নের উদ্যোগ নেয়নি। তার পরিবর্তে গালভরা বড় বড় উন্নয়নের বুলি দিয়ে হাজার হাজার কোটি টাকার মেগাপ্রকল্প বানিয়ে লুটপাট করেছে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘নতুন কালুরঘাট সেতু নির্মাণের যে প্রকল্প রেলওয়ে কর্তৃপক্ষ গ্রহণ করেছে, সেটি একনেকে অনুমোদনের অপেক্ষায় আছে। আমরা জানতে পেরেছি, নতুন প্রকল্পে ব্যয় আগের চেয়ে আট-দশগুণেরও বেশি বেড়েছে। ব্যয় বাড়িয়ে মাফিয়া সরকার লুটপাটের কোনো ফন্দি এঁটেছিল কি না, সেটা খতিয়ে দেখে অপ্রয়োজনীয় ব্যয় বাদ দিয়ে দ্রুততার সঙ্গে একনেকে প্রকল্পটির অনুমোদন দেওয়ার আহ্বান জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘আমরা চাই, নতুন সেতুর নির্মাণকাজ দ্রুত শুরু হোক, লাখো মানুষকে প্রতিদিনের দুর্ভোগ থেকে মুক্তি দেওয়া হোক। এক্ষেত্রে কোনোভাবেই কালক্ষেপণ করা উচিত হবে না।’

এ ছাড়া, এরশাদ উল্লাহ বিদ্যমান রেলসেতুটি সংস্কার শেষে দ্রুত খুলে দিয়ে যানবাহন চলাচলে অনুমতি দেয়া, চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেন বোয়ালখালীর গোমদণ্ডী রেলস্টেশনে বিরতি দিয়ে যাত্রী ওঠানামার ব্যবস্থা করা এবং স্টেশনটির সংস্কার ও আধুনিকায়নসহ আরও বিভিন্ন দাবি তুলে ধরেন।

পরে তিনি রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী আবু জাফর চৌধুরীর সাথেও সাক্ষাৎ করেন। রেলওয়ের দুই উর্ধ্বতন কর্মকর্তা বিএনপি নেতার এসব দাবির সঙ্গে সহমত পোষণ করে নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনার আশ্বাস দেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ সময় নগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দিন ও ইয়াছিন চৌধুরী লিটন, দক্ষিণ জেলা কমিটির সাবেক সদস্য আজিজুল হক, শওকত আলম উপস্থিত ছিলেন।

সারাবাংলা/আরডি/পিটিএম