Friday 07 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসা ছাত্রের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
৭ আগস্ট ২০২৬ ২১:৩৭

প্রতীকী ছবি

চট্টগ্রাম: জেলার লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফরহাদ হোসেন আসরাফ (১১) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) সকাল ৯টায় উপজেলার সদর ইউনিয়নের নেয়াজরটেক এলাকায় তালিমুল কুরআন মাদ্রাসা ও মাসুমা ফাউন্ডেশন এতিমখানায় এ ঘটনা ঘটে।

ফরহাদ উপজেলার কলাউজান ইউনিয়নের পূর্ব কলাউজান মিয়াজিপাড়া এলাকার মো. ফারুকের ছেলে। সে তালিমূল কোরআন ইন্টারন্যাশনাল মাদরাসা ও মাসুমা ফাউন্ডেশন এতিমখানার হেফজ বিভাগের ছাত্র ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ফরহাদ হোসেন বন্ধুদের সাথে ক্রিকেট খেলছিল। খেলার একপর্যায়ে বল টিনের চালের উপরে চলে যায়। এসময় বল আনতে টিনের চালে উঠলে সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয় ফরহাদ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্ট এক ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’