ঢাকা: আগামী ২৪ ঘণ্টার মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমানের অপসারণ দাবি করেছে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরামের সমন্বয়ক এ বি এম আব্দুস সাত্তার।
বিবৃতিতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান ও কয়েকজন অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিবের অবিশ্বাস্য রকম দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা সম্পর্কে বিভিন্ন মিডিয়ায় সম্প্রতি যেসব তথ্যনির্ভর খবর প্রকাশিত হয়েছে, তা জেনে আমরা স্তম্ভিত ও উদ্বিগ্ন। তারা উপদেষ্টা আলী ইমাম মজুমদার, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণ-আন্দোলনের নেতৃত্বদানকারী কয়েকজন ‘সমন্বয়কারীর’ নাম ভাঙিয়ে জনপ্রশান মন্ত্রণালয়কে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছে। তাদের এই অপকর্ম বর্তমান সরকার, সমগ্র জনপ্রশাসন, দেশ ও জাতিকে গভীরভাবে হেয় প্রতিপন্ন করেছে। আমরা তাদের এ কু-কর্ম মেনে নিতে পারি না।
আমরা আগামী ২৪ ঘণ্টার মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান এবং অভিযুক্ত অতিরিক্ত সচিব ও যুগ্ম-সচিবের চাকরি থেকে অপসারণ ও আইনের আওতায় আনার জন্য দাবি জানানো হয় ওই বিবৃতিতে। দাবি পূরণ না হলে আগামী ৬ অক্টোবর সকাল ৯টায় জনপ্রশাসন মন্ত্রণালয়ে ‘শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচ’ পালন করবে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম।