Sunday 09 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘প্রয়োজনে কাঁচা পাট রফতানি বন্ধ করা হবে’

স্পেশাল করসপন্ডেন্ট
২৭ অক্টোবর ২০২৪ ১৬:২৫ | আপডেট: ২৭ অক্টোবর ২০২৪ ২০:৪৫

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও ড. এম সাখাওয়াত হোসেন

ঢাকা: বস্ত্র ও পাট উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বাজারে পাটের ব্যাগের ব্যবহার বাড়ানোর ওপরে গুরুত্ব দিয়ে বলেছেন, ‘পর্যাপ্ত পাটের ব্যাগের সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। প্রয়োজন হলে কাঁচা পাট রপ্তানি বন্ধ করা হবে।’

রোববার (২৭ অক্টোবর) পলিথিন বন্ধ এবং পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার বাধ্যতামূলক করার বিষয়ে ব্রিফিংয়ে এসব কথা বলেন তারা।

এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘১ নভেম্বর থেকে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে কঠোর মনিটরিং চালু করা হবে। পাশাপাশি পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধেও অভিযান চালানো হবে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘শুধুমাত্র পলিথিনের শপিং ব্যাগ বন্ধ করা হচ্ছে। কোনও সুপারশপ পলিথিন শপিং ব্যাগ সরবরাহ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সভায় পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ বাস্তবায়ন এবং পলিথিনের পরিবর্তে পাটের ব্যাগ ব্যবহারে জনগণকে উৎসাহিত করার বিষয়ে আলোচনা হয়।

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘মানুষ যদি পলিথিন ব্যবহার বন্ধ করে, তাহলে উৎপাদনও বন্ধ হবে। এজন্য জনগণকে সচেতন করতে হবে। কেউ ইচ্ছে করে গাফিলতি করলে ব্যবস্থা নেওয়া হবে। পলিথিন ব্যাগের ক্ষতিকর প্রভাব বুঝে মানুষ যেন এটি থেকে সরে আসে, সে উদ্যোগ নেওয়া হবে।’

সভায় আরও উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ, পাট অধিদপ্তরের মহাপরিচালক জিনাত আরা, এবং বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা।

সারাবাংলা/ জেআর/এইচআর