Monday 10 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পুঁজিবাজারের উন্নয়নে করণীয় নির্ধারণে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ অক্টোবর ২০২৪ ১২:৫২ | আপডেট: ৩০ অক্টোবর ২০২৪ ১৪:৫৭

ঢাকা: পুঁজিবাজারের উন্নয়নে করণীয় নির্ধারণে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) যাচ্ছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বুধবার (৩০ অক্টোবর) বিকেল ৩টায় বিএসইসির চেয়ারম্যান ও তিন কমিশনারসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এতে বিএসইসির পক্ষ থেকে বর্তমান মন্দা বাজারের কারণ এবং উন্নয়নে করণীয় নিয়ে প্রস্তাবনা দেওয়া হবে বলে জানা গেছে।

পুঁজিবাজারে চলমান অস্থিরতার নিরসনে অর্থ উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের বিষয়ে বিএসইসির চেয়ারম্যান মঙ্গলবার (২৯ অক্টোবর) সাংবাদিকদের বলেন, অর্থ উপদেষ্টা দেশে ফিরেছেন। চলতি সপ্তাহের মধ্যেই উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার ভিত্তিতে সমন্বিতভাবে শেয়ারবাজারের উন্নয়নে নীতি সহায়তার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

সূত্র জানায়, পুঁজিবাজারের উন্নয়নে বেশ কিছু প্রস্তাবনা নেওয়া হবে। যার মধ্যে, থাকবে কিছু স্বল্প মেয়াদে বাস্তবায়নযোগ্য, আর কিছু বিষয় মধ্য ও দীর্ঘ মেয়াদে বাস্তবায়ন করা হবে। যেসব নীতি পদক্ষেপের উদ্যোগ নেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে, বাজারে তারল্য সরবরাহ বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) বিনিয়োগ সক্ষমতা বৃদ্ধির জন্য তহবিল যোগানে সহায়তা, জরিমানার মাধ্যমে বিএসইসির আদায় করা অর্থ বিনিয়োগকারীদের সুরক্ষায় কাজে লাগাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।

এছাড়াও সরকারি-বেসরকারি ভালো ও লাভজনক কোম্পানিগুলোকে দ্রুত বাজারে আনতে আইপিও আইন সংস্কার ও কর প্রণোদনার ব্যবস্থা করা, শেয়ারবাজারে লেনদেন নিষ্পত্তির সময় কমিয়ে এক দিনে নামিয়ে আনা, ঋণদাতা প্রতিষ্ঠানগুলোতে যে পরিমাণ অনাদায়ি পুঞ্জীভূত ঋণাত্মক ঋণ (নেগেটিভ ইক্যুইটি) রয়েছে চূড়ান্তভাবে সেগুলোর নিষ্পত্তি করা, উচ্চ সম্পদশালী ব্যক্তিদের বিনিয়োগে উৎসাহিত করতে মূলধন মুনাফার করহার কমানো, শেয়ার পুনঃক্রয়ব্যবস্থা চালুর বিষয়ে করণীয় নির্ধারণ, বিদেশি বিনিয়োগ বৃদ্ধিতে ভবিষ্যতে আর কখনও ফ্লোর প্রাইস আরোপ না করা, সুশাসন ও আইনের যথাযথ পরিপালন নিশ্চিত করা।

সারাবাংলা/জিএস/ইআ