Monday 10 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নিউজিল্যান্ডের সঙ্গে বাণিজ্য বাড়াতে বাংলাদেশের নতুন উদ্যোগ

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ আগস্ট ২০২৬ ১৬:১২

ঢাকা: নিউজিল্যান্ডের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করতে কৃষি-প্রযুক্তি, দুগ্ধশিল্প, সবুজ জ্বালানি, ওষুধ, চামড়া, পাট, টেকসই বস্ত্র ও তথ্যপ্রযুক্তিসহ সম্ভাবনাময় বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ।

সোমবার (১০ আগস্ট) নিউজিল্যান্ড ট্রেড অ্যান্ড এন্টারপ্রাইজ (এনজেডটিই)-এর সঙ্গে এক বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে এসব খাতে যৌথ বিনিয়োগ, ব্যবসায়িক সংযোগ ও রফতানি সম্প্রসারণের বিভিন্ন সুযোগ তুলে ধরা হয়। বৈঠকে এনজেডটিইর মার্কেট ম্যানেজার (দক্ষিণ-পূর্ব ও পূর্ব এশিয়া) র‍্যাচেল ম্যাকগাকিয়ানের সঙ্গে আলোচনা করেন বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্যরা। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান।

বিজ্ঞাপন

বৈঠকে জানানো হয়, বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে বছরে প্রায় ৪৫০ মিলিয়ন মার্কিন ডলারের দ্বিপাক্ষিক বাণিজ্য রয়েছে। নিউজিল্যান্ডে বাংলাদেশের রফতানি প্রায় ১৪৭ মিলিয়ন ডলার, যার বড় অংশ তৈরি পোশাকনির্ভর। এ বাণিজ্যকে আরও ভারসাম্যপূর্ণ ও বহুমুখী করতে অ-পোশাক রপ্তানি বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

বাংলাদেশের ফার্মাসিউটিক্যালস, পরিবেশবান্ধব পাটজাত ও চামড়াজাত পণ্য, টেকসই বস্ত্র এবং তথ্যপ্রযুক্তি খাতে নিউজিল্যান্ডের বাজারে নতুন সুযোগ তৈরিতে সহযোগিতা চাওয়া হয়। একই সঙ্গে নিউজিল্যান্ডের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সফটওয়্যার, ফিনটেক ও ডিজিটাল সেবা খাতে অংশীদারিত্ব গড়ার প্রস্তাব দেওয়া হয়।

বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে নিউজিল্যান্ডের কোম্পানিগুলোকে দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ, কোল্ড-চেইন, কৃষি-প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি ও পরিবেশবান্ধব প্রযুক্তি খাতে বিনিয়োগের আহ্বান জানানো হয়।

দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সঙ্গে এনজেডটিইর সরাসরি যোগাযোগ, ভার্চুয়াল ব্যবসায়িক বৈঠক এবং নিউজিল্যান্ডের পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের প্রস্তাব দেওয়া হয়। পাশাপাশি দ্বিপাক্ষিক বিজনেস কাউন্সিল গঠন এবং বাণিজ্য মেলায় পারস্পরিক অংশগ্রহণের বিষয়েও ঐকমত্য হয়।

সারাবাংলা/এমএমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর