Monday 10 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পঞ্চদশ সংশোধনী বাতিল প্রশ্নে পরবর্তী শুনানি বুধবার

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ অক্টোবর ২০২৪ ১৭:৪২ | আপডেট: ৩০ অক্টোবর ২০২৪ ১৮:২৬

হাই কোর্ট। ছবি: প্রতীকী ছবি।

ঢাকা: তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপসহ আরও কিছু বিষয়ে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল চেয়ে করা রিটের রুলের প্রথম দিনের শুনানি আজ শেষ হয়েছে। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী বুধবার দিন ধার্য করা হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট এ দিন ধার্য করেন।

এদিন সুজনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ড. শরিফ ভূঁইয়া।

আদালতে বিএনপির পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, বদরুদ্দোজা বাদল, ফারজানা শারমিন পুতুল। জামায়াতের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আসাদ উদ্দিন।

বিজ্ঞাপন

আওয়ামী লীগ সরকারের আমলে ২০১১ সালে সংবিধানের ওই সংশোধনী আনা হয়। পঞ্চদশ সংশোধনী আইন ২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে পাস হয়। ২০১১ সালের ৩ জুলাই এ–সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। পঞ্চদশ সংশোধনী আইনের বৈধতা নিয়ে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারসহ পাঁচ বিশিষ্ট ব্যক্তি গত আগস্টে হাইকোর্টে রিট করেন।

এই রিটের শুনানি নিয়ে হাইকোর্ট পঞ্চদশ সংশোধনী কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না, তা জানতে রুল জারি করেন।

এই রুল শুনানির জন্য ৩০ অক্টোবর দিন ধার্য করেন বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। এই রুল শুনানিতে অংশগ্রহণ করতে পক্ষভুক্ত হয়েছে বিএনপি ও জামায়াত।

সারাবাংলা/কেআইএফ/এমপি