Monday 10 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘রিজার্ভ বাড়ছে, ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি’

স্পেশাল করসপন্ডেন্ট
৩১ অক্টোবর ২০২৪ ১৯:১৪ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৪ ২২:২৪

সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা, ছবি: সারাবাংলা

ঢাকা: অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশীয় শিল্পের বিকাশে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে। এতে ব্যাবসায়ীদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাচ্ছে। আমাদের রিজার্ভও বাড়ছে, দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক বিশেষ পর্যালোচনা সভায় এ কথা বলেন তিনি। পর্যালোচনা সভায় দেশের শীর্ষ ব্যবসায়ী নেতৃবৃন্দ ও বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অংশ নেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘তিনমাসের মধ্যে সব কিছু করা সম্ভব না। তবে আমরা কাজ করে যাচ্ছি। আজ হোক, কাল হোক রাষ্ট্র ক্ষমতায় রাজনৈতিক সরকার আসবে। আমরা যতটুকু সময় আছি দেশের জন্য কাজ করে যাবো।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘খাদ্য, জ্বালানি, সার ও কীটনাশক খাতকে সরকার অগ্রাধিকার দিচ্ছে। প্রাইভেট খাতে সরকারের সহযোগিতা থাকবে। আমরা প্রাইভেট খাতকে উন্নয়ন করার চেষ্টা করছি। ব্যবসায়ী নেতৃবৃন্দ সরকারের দেশীয় শিল্পের বিকাশে গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন। তারা প্রাইভেট খাতের সার্বিক উন্নয়নে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার চালু, ঔষুধ, চামড়া, গার্মেন্টস ও অন্যান্য শিল্পের সাথে সম্পর্কিত পণ্য আমদানিতে ডিউটি ট্যাক্স কমানোসহ নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত এর আহ্বান জানান।’

অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন, স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী,ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালের চেয়ারম্যান আব্দুল মোক্তাদির,এপেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর, প্রাণ গ্রুপের পরিচালক উজামা চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।

সারাবাংলা/জিএস/এইচআই
বিজ্ঞাপন

আরো