সিলেট: চলতি বছরের এসএসসি পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার কমলেও বেড়েছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা। গত বছরের তুলনায় এবার বোর্ডে পাসের হার কমেছে ১০.২৬ শতাংশ পয়েন্ট। তবে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে।
সিলেট শিক্ষা বোর্ডের প্রকাশিত ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল এবং অন্যান্য বছরের ফলাফলের তথ্য বিশ্লেষণে এ চিত্র পাওয়া গেছে।
এবার সিলেট শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮.৩৩ শতাংশ। গত বছর এ হার ছিল ৬৮.৫৯ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ১০.২৬ শতাংশ পয়েন্ট। গত পাঁচ বছরের মধ্যে এবারই বোর্ডটির পাসের হার সবচেয়ে কম।
তবে পাসের হার কমলেও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। অর্থাৎ মোট পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণের হার কমলেও সর্বোচ্চ ফল অর্জনকারী শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে।
ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ প্রাপ্তির হার সবচেয়ে বেশি। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের প্রায় ৯৪ শতাংশই বিজ্ঞান বিভাগের। বিপরীতে ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের সংখ্যা তুলনামূলকভাবে কম।
মানবিক বিভাগে ফলাফলে বড় ধরনের পতন হয়েছে। গত বছর এ বিভাগে পাসের হার ছিল ৬৪.৭১ শতাংশ। এবার তা কমে ৪৮.১৬ শতাংশে দাঁড়িয়েছে। এক বছরের ব্যবধানে এ বিভাগে পাসের হার কমেছে ১৬.৫৫ শতাংশ। মানবিক বিভাগে এবার জিপিএ-৫ পেয়েছে মাত্র ১২০ জন শিক্ষার্থী।
সিলেট শিক্ষা বোর্ডের চার জেলার ফলাফল বিশ্লেষণে দেখা যায়, পাসের হারে এগিয়ে রয়েছে সিলেট জেলা। এ জেলায় পাসের হার ৬২.৮৮ শতাংশ। জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যাতেও এগিয়ে সিলেট জেলা। এ জেলার ২ হাজার ২৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
অন্যদিকে, সবচেয়ে কম পাসের হার সুনামগঞ্জ জেলায়, ৫৪.৬৭ শতাংশ। মৌলভীবাজারে পাসের হার ৫৫.৯২ শতাংশ এবং এ জেলার ৭২৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। হবিগঞ্জে পাসের হার ৫৫.৪০ শতাংশ। এ জেলায় জিপিএ-৫ পেয়েছে ৬৭৫ জন শিক্ষার্থী।
এ ছাড়া, সিলেট শিক্ষা বোর্ডের জেলা ভিত্তিক ফলাফলের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, পাসের হারে ছাত্রদের চেয়ে ছাত্রীরা এগিয়ে রয়েছে। চার জেলার প্রতিটিতেই ছাত্রীদের পাসের হার ছাত্রদের তুলনায় বেশি।
এ বছর এসএসসি পরীক্ষায় ৩৫ হাজার ৪৩৮ জন ছাত্র এবং ৫৩ হাজার ৬৪১ জন ছাত্রী অংশ নেয়। এর মধ্যে ছাত্র পাস করেছে ১৯ হাজার ৮৮৯ জন। তাদের পাসের হার ৫৬.১২ শতাংশ। অন্যদিকে ছাত্রী পাস করেছে ৩২ হাজার ৬৮ জন। তাদের পাসের হার ৫৯.৭৮ শতাংশ। অর্থাৎ পাসের হারে ছাত্রদের চেয়ে ছাত্রীরা ৩.৬৬ শতাংশ পয়েন্ট এগিয়ে।
চার জেলার ফলাফলে দেখা যায়, হবিগঞ্জে ছাত্রদের পাসের হার ৫২.৯৭ শতাংশের বিপরীতে ছাত্রীদের পাসের হার ৫৬.৯২ শতাংশ। মৌলভীবাজারে ছাত্রদের পাসের হার ৫৩.৫ শতাংশ ও ছাত্রীদের ৫৭.৭১ শতাংশ। সুনামগঞ্জে ছাত্রদের পাসের হার ৫১.৩৯ শতাংশ ও ছাত্রীদের ৫৬.৯৩ শতাংশ। সিলেটে ছাত্রদের পাসের হার ৬১.৫৬ শতাংশ ও ছাত্রীদের ৬৩.৭৯ শতাংশ।