Monday 10 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হাসানাত আবদুল্লাহর ছেলে কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ অক্টোবর ২০২৪ ১৯:২৩ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৪ ২২:২৪

ঢাকা: যুবদল নেতা শামীম হত্যা মামলায় গ্রেফতার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই আবুল হাসানাত আবদুল্লাহর ছেলে সেরনিয়াবাত মঈন উদ্দিন আবদুল্লাহকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মো. জিয়াদুর রহমানের আদালত এ আদেশ দেন।

এদিন আদালতে আসামি মঈন উদ্দিন আবদুল্লাহকে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) তন্ময় কুমার বিশ্বাস। এ সময় তিনি মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত কাজ শেষ না হওয়া পর্যন্ত আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিজ্ঞাপন

এর আগে শুক্রবার (২৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তাকে রাজধানীর গুলশান-২ থেকে গ্রেফতার করা হয়। পরদিন শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাগীব নূর তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপি ঢাকায় মহাসমাবেশের ডাক দিলে একই দিনে পাল্টা সমাবেশ ডাকে আওয়ামী লীগ। ওই সমাবেশ ঘিরে ২৭ অক্টোবর বিএনপি নেতাকর্মীদের ওপর পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের যৌথ হামলায় অনেকে আহত হন এবং শামীম নামের এক যুবদল নেতা নিহত হন। এ ঘটনায় গত ১৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

সারাবাংলা/কেআইএফ/এমপি
বিজ্ঞাপন

আরো