Thursday 13 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘বাম-ডানের উসকানিমূলক কর্মকাণ্ড দেশকে অস্থির করছে’

স্পেশাল করসপন্ডেন্ট
২৫ নভেম্বর ২০২৪ ২১:১৩ | আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ২৩:৩৩

উপদেষ্টা মাহফুজ আলম

ঢাকা: উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আমরা আমাদের ব্যর্থতা স্বীকার করি। আমরা শিখছি এবং ব্যর্থতা কাটানোর চেষ্টাও করছি। বাম ও ডান মানসিকতার কতিপয় নেতৃত্ব বা ব্যক্তি অভ্যুত্থানে এবং পরবর্তী সময়ে সরকারে নিজেদের শরিকানা নিশ্চিত না করতে পেরে উন্মত্ত হয়ে গেছেন। তাদের উন্মত্ততা, বিপ্লবী জোশ ও উসকানিমূলক কর্মকাণ্ড দেশটাকে অস্থির করে রেখেছে।

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগামাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় বলেন, ‘মুক্তিযুদ্ধের পরের দশ-পনের বছরের ইতিহাস মুক্তিযোদ্ধাদের একে অপরকে হত্যার ইতিহাস। যারা চায়নি বাংলাদেশ শক্ত ভিতের উপর দাঁড়াক, তারা মুক্তিযোদ্ধাদের একে অপরকে দিয়ে হত্যা করিয়েছে। তাদের নিজেদের ভুল ছিল না, তা নয়। কিন্তু আমাদের মুক্তিযোদ্ধাদের একের পর এক হত্যা বাংলাদেশকে কীভাবে পিছিয়ে দিল, তা ইতিহাস একদিন বলবে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘মনে রাখতে হবে, বিদেশি শক্তির কোনো সাধ্য নাই এ দেশের মানুষকে পদানত করার। কিন্তু গোলামির মানসিকতার কিছু গাদ্দার আর হঠকারির এ শক্তি আছে। তারা গত তিন মাসে তা দেখাল। ছাত্রদের আজ সংঘাতের মুখে ঠেলে দিয়ে হত্যার মাধ্যমে ছাত্রদের বৈধতার সংকট হলে, যারা লাভবান হবে, তারা সবাই এ উসকানি এবং প্রশাসনিক ব্যর্থতার সাথে জড়িত। ধীরে ধীরে আমরা সবই বলব। অথবা, আপনারা চোখ খুললেই দেখতে পাবেন।’

তিনি আরও বলেন, ‘এবারের আন্দোলন সাহসী ছাত্র তরুণদের নেতৃত্বে জনগণের আন্দোলন। কিন্তু একটি দল ও দেশি বিদেশি সুযোগ সন্ধানী এস্টাবলিশমেন্ট গত ৩ মাসে ছাত্রদের নিন্দা করেছে। বিভিন্ন ছাত্রসংগঠন দিয়ে ছাত্রদের মধ্যে বিভেদ ঘটিয়েছে। অন্য একটি তরুণ দলকে লেলিয়ে দিয়েছে ছাত্রদের বিরুদ্ধে। তদুপরি ছাত্রদের সাথে সম্মান জনকভাবে সমাধান তো করেই নি, বরং ছাত্রদের তারা শত্রু গণ্য করেছে। তার পরিণতি কী ভালো হচ্ছে, বা হবে?’

মাহফুজ বলেন, ‘আমরা আরও চেষ্টা করব সবাইকে নিয়ে আগানোর। কিন্তু হঠকারিতা এবং ছাত্রদের অন্যায্যতার চেষ্টা এ জাতিকে ক্ষতিগ্রস্ত করবে। হঠকারিতা, উসকানি, ছাত্র-তরুণদের মধ্যে বিভেদ ও বিরোধ তৈরি, অভ্যুত্থানের শক্তিকে প্রতিক্রিয়াশীল করে তোলার অপচেষ্টা, সবই ব্যর্থ করে দেওয়া হবে, ইনশাআল্লাহ। আমরা ৫ আগস্টের সকালের মতন ঐক্যবদ্ধ হওয়ার দিকে অগ্রসর হচ্ছি। এবারের সাংগঠনিকভাবে গড়ে ওঠা ঐক্য দীর্ঘস্থায়ী মুক্তির সুযোগ তৈরি করবে, ইনশাআল্লাহ।’

সারাবাংলা/জিএস/এইচআই
বিজ্ঞাপন

আরো