চাঁপাইনবাবগঞ্জ: জেলার ভোলাহাটে খেলতে গিয়ে বাড়ির পাশের গর্তের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৪টায় উপজেলার ৪ নম্বর জামবাড়িয়া ইউনিয়নের আদমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ওই শিশুরা হলো— আদমপুর গ্রামের মো. রাজুর আড়াই বছর বয়সি ছেলে কায়সার এবং মো. সানাউল্লাহর ছেলে মো. নূর হোসেন (৪)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে ওই দুই শিশু একসঙ্গে খেলছিল। পরিবারের সদস্যদের অজান্তে তারা বাড়ির দক্ষিণ পাশে হাঁস পালনের জন্য খনন করা পানিভর্তি গর্তের কাছে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত দুজনই পানিতে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির পর শিশু দুটিকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
এ ঘটনায় ভোলাহাট থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক।